দরপত্র ছিনতাই, অভিযোগ সাংসদের সমর্থকদের বিরুদ্ধে
রাজধানীর মিরপুরে ঢাকা চিড়িয়াখানার অসম্পূর্ণ দেয়াল নির্মাণের জন্য ডাকা দরপত্র ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে সরকারদলীয় এক সাংসদের সমর্থকদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা চিড়িয়াখানার কিউরেটরের কার্যালয়ের কাছে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
দরপত্র জমা দিতে যাওয়া অন্তত ২০জন ঠিকাদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সরকারদলীয় স্থানীয় সাংসদ আসলামুল হকের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একদল নেতা-কর্মী দরপত্রে অংশ নিতে আসা ঠিকাদারদের মারধর করে তাঁদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা কাজী টিপু সুলতানের উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে।
যোগাযোগ করা হলে সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো লোক চিড়িয়াখানায় যায়নি। যারা আপনাকে বলেছে তারা মিথ্যা বলেছে। এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’
জানতে চাইলে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে দরপত্র জমা নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে নির্ধারিত সময় তাঁর কার্যালয় ও প্রাণি সম্পদ অধিদপ্তরে ১২টি দরপত্র জমা পড়ে। কিউরেটর জানান, তাঁর কার্যালয়ের বাইরে মারামারির ঘটনার কথা তিনি শুনেছেন।
যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে যাতে দরপত্র জমা হয় তা তদারকি করতে তিনি সেখান গিয়েছিলেন। কিন্তু দরপত্র জমা দেওয়া শেষ হওয়ার তিন-চার মিনিট আগে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে অভিযোগকারীরা প্রকৃত ঠিকাদারদের ওপর হামলা চালায়।