কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারণের সাড়ে ১৩ কোটি টাকার কাজের দরপত্র জমাদানে বাধা ও দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফ উদ্দিন ওরফে পাপ্পুর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রেজিস্ট্রার দপ্তরের প্রক্টরিয়াল বডির সদস্যদের সামনে ওই ঘটনা ঘটে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শিক্ষকদের গালিগালাজ করেন।
ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সম্প্রসারণকাজের ১৩ কোটি ৫২ লাখ টাকার দরপত্র জমাদানের শেষ তারিখ ছিল। রেজিস্ট্রার দপ্তরের বারান্দায় দরপত্র জমাদানের বাক্স বসানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে আবেদন করেন, দরপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। এরপর প্রক্টরিয়াল বডি তাঁদের দরপত্র জমা দিতে বলেন। এ সময় দরপত্র জমা দিতে গেলে সাইফ উদ্দিন বহিরাগত ব্যক্তিদের নিয়ে তাঁদের বাধা দেন ও দরপত্র ছিনিয়ে নেন। এ সময় শিক্ষকেরা পরিস্থিতি সামাল দিতে গেলে সাইফ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হকসহ শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিষয়টি লিখিত আকারে রেজিস্ট্রারকে জানায়।
অভিযোগ প্রসঙ্গে সাইফ উদ্দিন বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি কারও সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ করিনি। কোনো শিক্ষককে গালিও দিইনি।’
প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, কয়েকজন ঠিকাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সবাই যেন ঠিকমতো দরপত্র জমা দিতে পারেন, সেই ব্যবস্থা নেয়। ওই নেতা শিক্ষকদের গালিগালাজ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, আটজন ঠিকাদার ওই কাজের জন্য দরপত্র কেনেন। গতকাল তিনটি দরপত্র জমা পড়ে। দরপত্র জমাদানের সময় রেজিস্ট্রার দপ্তরের সামনে হইচই হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করায় ঠিকাদার সাইফ উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষকদের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’