দরপত্র ছিনিয়ে নিলেন ছাত্রলীগ নেতা!
জয়পুরহাটের ক্ষেতলালে পৌর ছাত্রলীগের এক নেতা তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে দরপত্র বাক্স ভেঙে শিডিউল ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। দরপত্র বাক্সের কাছে পুলিশি প্রহরা না থাকায় ক্ষেতলাল থানার ওসি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনটি ভাঙতে দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত শিডিউল ফেলার শেষ সময় ছিল। বাক্সটি পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রকৌশল কার্যালয়ের সামনে রাখা ছিল। পৌনে ১২টার দিকে পৌর ছাত্রলীগের নেতা রতন সরদারের নেতৃত্বে চারজন বাক্সটি দ্বিতীয় তলা থেকে নিচে ফেলে দেন এবং শিডিউল বের করে নিয়ে যান। এ ঘটনায় ক্ষেতলাল পৌর এলাকার রসালপাড়ার বাসিন্দা এস এম তুহিন ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রতন সরদার বলেন, তিনি দরপত্র বাক্সের আশপাশে যাননি। তিনি নিজেকে ক্ষেতলাল পৌর ছাত্রলীগের সদস্য দাবি করেন।