দরপত্র জমা দেওয়ায় ঠিকাদারের বাড়ি ও কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় মেসার্স পলি কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ও ঠিকাদারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোয়া চার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে সমঝোতা উপেক্ষা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) দরপত্র জমা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও জেলা তরুণ লীগের সভাপতি সুনাম দেবনাথ এবং বরগুনা জেলা পরিষদের প্রশাসক জাহাঙ্গীর কবিরের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনানের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদার।
ঠিকাদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ওই ঠিকাদারের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানে কয়েক দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাবুল মিয়া ওরফে বাদশা অভিযোগ করেন, সুনাম দেবনাথ ও জুবায়ের আদনানের নেতৃত্বে এই হামলা হয়েছে। তবে সুনাম ও জুবায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জুবায়ের আদনান প্রথম আলোকে বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। শুনেছি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সঙ্গে টেন্ডার নিয়ে ঝামেলা হয়েছে। এর জের ধরেই সিদ্দিকুর রহমানের লোকজন এই ভাঙচুর করেছে।’ জুবায়ের আদনানের অভিযোগ, ‘ঠিকাদার বাবুল মিয়া জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক। তিনি পিকেটারদের বোমা ও অস্ত্র কেনার অর্থের জোগানদাতা। তাই ভাঙচুরের পর জামায়াত-বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। আমরা বাবুল মিয়ার গ্রেপ্তার দাবি করছি।’ তবে সিদ্দিকুর রহমান এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আমি এর কিছুই জানি না।’
এলজিইডির বরগুনা কার্যালয় সূত্র জানায়, ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র গ্রাহকদের কৃষি সহায়তা প্রকল্পের’ (এএসএসএসআরবিপি) আওতায় ১৪টি রাস্তা মেরামতের জন্য গত ৯ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। গতকাল ৪ কোটি ২৫ লাখ টাকার এই উন্নয়নকাজের অনুকূলে দরপত্র দাখিলের শেষ দিন ছিল।
এলজিইডি কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, একটি গুচ্ছে এই দরপত্রের অনুকূলে ১১টি শিডিউল বিক্রি হয়েছে। গতকাল জমা পড়ে দুটি। প্রতিষ্ঠানগুলো হলো, বাবুল মিয়ার মালিকানাধীন পলি কনস্ট্রাকশন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মালিকানাধীন মেসার্স মিঠুন ট্রেডার্স। বাকি নয়টি ফরম কেউ জমা দেয়নি।
ঠিকাদার বাবুল মিয়া অভিযোগ করেন, ‘শুরু থেকেই ক্ষমতাসীন দলের সমর্থক কয়েকজন ঠিকাদার সমঝোতার মাধ্যমে এই কাজ নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সুনাম দেবনাথ ও জুবায়ের আদনান আট-দশজন যুবক নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে আমার কার্যালয়ে আসেন এবং আমার কেনা দরপত্র ফরমটি ফেরত চান। দরপত্র ইতিমধ্যেই জমা দিয়েছি বলে তাঁদের জানাই। তাঁরা চলে যাওয়ার কিছুক্ষণ পরই আমার কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। তবে এ সময় আমি সেখানে ছিলাম না।’
বাবুল মিয়া জানান, পরে একই এলাকায় তাঁর নির্মাণাধীন একটি বহুতল বিপণিবিতানের সামনের টিনের বেড়া ভাঙচুর করা হয়। এরপর ওই যুবকেরা শহরের বটতলা এলাকায় তাঁর বাসভবনে হামলা চালান। তিনতলার ওই ভবনে ঢুকে নিচতলায় ইনফ্রাসটাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইটকল) নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন তাঁরা। পরে দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের লোহার গেট ভাঙা হয়। এরপর তৃতীয় তলায় তাঁর বাসভবনের দরজা-জানালা ভাঙচুর করেন তাঁরা। শহরের টাউন হল এলাকায় আন্তজেলা বাসস্ট্যান্ডে তাঁর মালিকানাধীন একটি বাসও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখার ব্যবস্থাপক এইচ এ এইচ ফারুকী বলেন, একদল যুবক ব্যাংকের লোহার দরজায় হামলা করেছেন। পরে তাঁরা তিনতলায় বাড়ির মালিকের ফ্ল্যাটের দিকে যান।
ইটকলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সেলিম রেজা বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমরা অফিসে কাজ করছিলাম। এ সময় একদল যুবক এসে দরজা ভেঙে ফেলেন। এরপর তাঁরা ওপরে দ্বিতীয় তলায় উঠে যান।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, ‘ঘটনার পর ওই ঠিকাদারের কার্যালয় ও নির্মাণাধীন মার্কেটের এলাকা পরিদর্শন করেছি। তবে কারা ভাঙচুর করেছে সেটা আমাদের জানা নেই। ক্ষতিগ্রস্ত ঠিকাদারও কোনো অভিযোগ করেননি।’
বরগুনার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শুনেছি। কারা এর সঙ্গে জড়িত তা বরগুনা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছি।’