দরপত্র জমা না দিতে ঠিকাদারদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা আওয়ামী লীগের এক নেতা উত্তরা গণভবন সংস্কারকাজের দরপত্র জমা না দেওয়ার জন্য ঠিকাদারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে তিনি নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলামের নির্দেশের কথা বলছেন।
তবে সাংসদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি কাউকে নিষেধ করতে বলিনি। তবে মহামান্য রাষ্ট্রপতির আসা উপলক্ষে যেহেতু কাজটা হবে, সেটা যেন ঠিকভাবে হয়, সে কারণে ইঞ্জিনিয়ার সাহেবকে দেখেশুনে কাজ করাতে বলেছি। সবাই তো এক রকম না। তবে কেউ যদি অংশ নিতে চান তাহলে করতে পারেন। তাতে বাধা নেই।’ কাজ করানোর জন্য কাউকে নির্ধারণ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো হয়নি।
গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয় সূত্র জানায়, কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি নাটোরের উত্তরা গণভবন সফর করবেন। এ উপলক্ষে গণভবনের ভেতরে জরুরি ভিত্তিতে মেরামতকাজ করা দরকার। এসব কাজের জন্য ১ ডিসেম্বর অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দরপত্র বিক্রির শেষ দিন। আগামী রোববার দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয়ের নিবন্ধিত কয়েকজন ঠিকাদার বলেন, দরপত্র আহ্বান করার পরই তাঁরা শিডিউল সংগ্রহ করেন। কিন্তু জমা দিতে পারছেন না। জেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান তাঁদের দরপত্র জমা দিতে নিষেধ করেছেন। তিনি স্থানীয় সাংসদের বরাত দিয়ে বলেন, ‘এমপি সাহেব এটা জমা দিতে মানা করেছেন। কেউ দেয়নি। আপনিও দেবেন না। উনি ওনার ছেলেদের দিয়ে কাজ করাবেন।’
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, তিনি মাত্র দুটি কাজের দরপত্র কেনার জন্য ওই আওয়ামী লীগ নেতার কাছে অনুমতি চেয়েছিলেন। তাতেও তিনি রাজি হননি। তিনি শিডিউল জমা দিতে নিষেধ করেছেন। তা না করা হলে ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এটা নিশ্চিত করার জন্য সাংসদ ওই আওয়ামী লীগ নেতা ও অপর একজনকে দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওই ঠিকাদার।
তবে মাসুদুর রহমান বলেন, ‘আমি তো কাউকে নিষেধ করিনি। আমি কেন নিষেধ করতে যাব? আমি কি ঠিকাদার?’
গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান গত মঙ্গলবার বলেন, সবচেয়ে আধুনিক পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে দরপত্র কেনা ও জমা দেওয়ার জন্য তাঁর কার্যালয়ে যেতে হবে না। ঘরে বসেই যে কেউ দরপত্র জমা দিতে পারবেন। এরপরও যদি কেউ দরপত্র জমা দিতে না পারেন, তাহলে তাঁর কিছু করার নেই। কেউ যদি দরপত্র জমা দিতে কোনো ঠিকাদারকে নিষেধ করেন, তাহলে ঠিকাদারের উচিত হবে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়া। ই-টেন্ডার পদ্ধতিতে দরপত্র খোলার আগে কোনো দরপত্র জমা পড়েছে কি না বলার সুযোগ নেই। তাই দরপত্র খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।