দরপত্র জমা নিয়ে আ.লীগ ও যুবলীগের মধ্যে হাতাহাতি
খুলনা জেলা স্টেডিয়ামের গ্যালারি ও ভবন অপসারণের কাজ ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখায় এ ঘটনা ঘটে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, খুলনা জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ ভবন ও পরিত্যক্ত গ্যালারি অপসারণের জন্য ৪ মে দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৭১টি শিডিউল বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট চারটি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে গ্যালারি ও ভবন অপসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা দর দিয়েছে মাসুদ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার শ্যালকের।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দরপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সকাল থেকেই যুবলীগের কিছু নেতা-কর্মী টেন্ডার বাক্সের সামনে ঘোরাফেরা করতে থাকেন। দুপুরের দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা দরপত্র জমা দিতে এলে ওই যুবকদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে সময় শেষ না হতেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বাক্স নিয়ে যান এবং তড়িঘড়ি করে সময় শেষের নোটিশ টাঙিয়ে দেন।
দরপত্র জমা দিতে আসা কয়েকজন ঠিকাদার জানান, পুরো স্টেডিয়ামের পুরাতন ইট, রডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিসের দাম হবে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি টাকা। তাই মেসার্স হক ট্রেডার্স ৬০ লাখ ও মেসার্স সোহাগ আয়রন স্টোর ৬৫ লাখ টাকার দর দিয়েছিল। কিন্তু তারা কেউই দরপত্র জমা দিতে পারেনি। ২০ লাখ টাকায় কাজ দেওয়া হলে জেলা প্রশাসনের ৭০-৮০ লাখ টাকা লোকসান হবে।
২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক প্রথম অলোকে বলেন, ‘আমরা দরপত্র জমা দিতে গিয়েছিলাম। কিন্তু কিছু যুবকের বাধার কারণে ফিরে এসেছি। যারা বাধা দিয়েছে তারা সবাই আমাদেরই ছোট ভাই, তাই দরপত্র জমা না দিয়েই চলে এসেছি। আমি ৬০ লাখ টাকা দর ঠিক করেছিলাম। শুনেছি, ২০ লাখ টাকায় দরপত্র পাইয়ে দেওয়া হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, কাজটি আগেই ভাগ-বাঁটোয়ারা হয়েছে তা তাঁদের জানা ছিল না। ঘটনাস্থলে পুলিশ ছিল। তারা কিংবা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের কেউই দরপত্র জমাদানে সহযোগিতা করেননি।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে চারটি দরপত্র জমা পড়েছে। সর্বোচ্চ দর দিয়েছে মাসুদ এন্টারপ্রাইজ। কাগজপত্র যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।