দরপত্র জমা নিয়ে আ.লীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া
পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলজিইডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফল, দশমিনা ও দুমকি উপজেলার বিভিন্ন রাস্তা নির্মাণ, হাটবাজার মেরামতসহ বিভিন্ন কাজের তিন গ্রুপের ছয় কোটি ৪৬ লাখ টাকার দরপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল। দুপুর ১২টার দিকে যুবলীগের কর্মী রাহাত ও তাঁর লোকজনের সঙ্গে শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মৃধার লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
রাহাত বলেন, তিনি তাঁর ছোট ভাইদের নিয়ে দরপত্র জমা দিতে গেলে রিয়াজ মৃধা বাধা দেন। একপর্যায়ে রিয়াজ মৃধা লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি ও জুয়েল নামের ছাত্রলীগের এক কর্মী আহত হন।
হামলার অভিযোগ অস্বীকার করে রিয়াজ মৃধা বলেন, রাহাত ঠিকাদার নন। তিনি কারও পক্ষ হয়ে এসে দরপত্র জমাদানে বাধা সৃষ্টি করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ঠিকাদার ছাড়া সবাইকে সরিয়ে দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।