দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ঠিকাদার সমিতির একাংশের সদস্যরা অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের পাহারায় দরপত্র জমা নেওয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কয়েকজন ঠিকাদারের অভিযোগ, দুই কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের কাজ নিজেদের আয়ত্তে রাখতে সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্পগুলো বাস্তবায়নে গত ১০ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র জমা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, ১৫-২০ জন ব্যক্তি দরপত্র ফেলার বাক্স ঘিরে দাঁড়িয়ে আছেন। এ কারণে দরপত্র হাতে কেউ ওই বাক্সের কাছে যেতে পারছেন না। সকাল সাড়ে ১০টায় ঠিকাদার গোলাম মওলা দরপত্র দাখিল করতে যান। এ সময় তাঁকে আটকে দেওয়া হয়। বাধা উপেক্ষা করে তিনি বাক্সের কাছে গেলে দুর্বৃত্তরা তাঁকে লাঞ্ছিত করে। পরে ইউএনওর সহায়তায় তিনি দরপত্র জমা দেন।
গোলাম মওলার অভিযোগ, ‘দুর্বৃত্তরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তারা সব দরপত্র তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ কারণে তারা আমাদের দরপত্র দাখিল করতে বাধা দিয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের মালিক মুহাম্মদ ইলিয়াছ অভিযোগ করেন, তাঁর প্রতিনিধিকে সকালে সমিতির সদস্যরা দরপত্র জমা দিতে দেননি। পরে ইউএনওকে বিষয়টি জানালে তিনি পুলিশ পাহারায় জমা দেওয়ার ব্যবস্থা করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, সমিতির সভাপতি শহীদুল আলমের সহায়তায় সকাল থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র বাক্সের কাছে জমায়েত করে রাখা হয়। পরে কয়েকজন ঠিকাদার ও ঠিকাদারের প্রতিনিধি দরপত্র জমা দিতে গেলে সেখানে থাকা নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমিতির সভাপতি শহীদুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কাউকে বাধা দিইনি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, ‘বাধার খবর শুনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে শান্তিপূর্ণভাবে দরপত্র জমা নেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে দরপত্র জমা নিয়ে কিছু সমস্যা হয়। পরে তিনি সেখানে উপস্থিত থেকে ব্যবস্থা নেন। পরে সবাই দরপত্র জমা দেন।