ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২৫ কোটি টাকার দুটি কাজের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যশোর ও খুলনায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
যশোরে বোমা হামলা ও মারধর করে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ১০ কোটি টাকার কাজ করাতে এই দরপত্র আহ্বান করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, এমএম কলেজে দুটি ভবন নির্মাণের জন্য মাস খানেক আগে দরপত্র আহ্বান করা হয়। গতকাল বেলা ১টা ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। শহরের শিক্ষা ভবনে দরপত্র জমার দেওয়ার বাক্স রাখা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে যশোর সদর আসনের সাবেক সাংসদ খালেদুর রহমানের ছেলে হাবিব হাসান এসআরএমএমসি জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দরপত্র জমা দিতে যান। এ সময় রাস্তায় ক্ষমতাসীন দলের লোকজন তাঁকে মারধর করেন। হাবিবের লোকজন পালিয়ে শিক্ষা ভবনে গেলে তাঁদের সেখানেও ধাওয়া করা হয়। এ সময় শিক্ষা ভবনের সামনে, ফায়ার সার্ভিস মোড় ও খালেদুর রহমানের বাড়ির পাশে ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।
হাবিবের ভাই মাশুক হাসান বলেন, সাংসদ কাজী নাবিল আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের লোকজন দরপত্র জমা দিতে বাধা দিয়েছে। তাঁর (মাশুক) ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে এ রকম তাণ্ডব চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো. মঈন উদ্দীন বলেন, মোট ২৪টি দরপত্র বিক্রি হয়। শেষ সময় পর্যন্ত দুই ধরনের তিনটি করে মোট ছয়টি দরপত্র জমা পড়ে। দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।’
খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ১৫ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে যুবলীগ নেতাদের বাধার কারণে অনেক ঠিকাদার তা জমা দিতে পারেননি। প্রকল্পের আওতায় পানির পাম্প, পানির বোতল উৎপাদন ও ভবনের জন্য নকশা তৈরি, যন্ত্রপাতি সরবরাহ এবং ভবন নির্মাণের জন্য গত ১২ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। এ কাজের জন্য নয়জন ঠিকাদার শিডিউল কেনেন। কিন্তু গতকাল শেষ দিনে দরপত্র জমা দিয়েছে মাত্র তিনটি প্রতিষ্ঠান।
নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার একটি সূত্র জানায়, অন্য ঠিকাদারেরা যাতে দরপত্র জমা দিতে না পারেন, সে জন্য গতকাল সকাল ১০টা থেকে ওয়াসার প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের সামনে যুবলীগ নেতারা অবস্থান নেন। বেলা ১১টার দিকে ঢাকার টেকনোপ্লাস কনসালটেন্সি ও প্যারাগন এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দরপত্র জমা দিতে আসেন। যুবলীগ নেতারা প্যারাগন এন্টারপ্রাইজের ইমতিয়াজ আহমেদকে ধরে আইনজীবী সমিতির ভবনে নিয়ে আটকে রাখেন।
টেকনোপ্লাস কনসালটেন্সির ব্যবস্থাপক আলী বাদশা বলেন, ‘দরপত্র জমা দিতে এসে এখন জীবন হাতে নিয়ে ফিরে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘যুবলীগ নেতাদের কাছে অনেক অনুরোধ করে ইমতিয়াজকে ছাড়িয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ বলেন, দরপত্র জমাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ রাখা হয়েছে। ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ কেউ করেনি।