দরপত্র দাখিল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া
বরিশালের গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উন্নয়নকাজের দরপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে মাহিলাড়ার নবনির্মিত ইউপি ভবনসংলগ্ন খালের ওপর ২২ লাখ ৯৯ হাজার ৫০৫ টাকায় এবং উত্তর চাঁদশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র দের বাড়িসংলগ্ন খালের ওপর ১৭ লাখ ৯৩ হাজার ৬৭৯ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের জন্য তৃতীয় দফায় ১২ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দুটি কাজে আটটি দরপত্র জমা পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক সমর্থক ও ঠিকাদার বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য সমঝোতার ভিত্তিতে ঠিকাদার ঠিক করে দেন। তাঁর মনোনীত ঠিকাদারের অনুকূলে দুই গ্রুপে ছয়টি দরপত্র জমাদানের সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্ত উপেক্ষা করে মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে মেসার্স নাসির এন্টারপ্রাইজের পক্ষে দুটি দরপত্র জমা দেওয়া হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ ওরফে পিকলু বলেন, নাসির এন্টারপ্রাইজের দরপত্র জমা দেওয়ার জন্য তাঁকে পৌর মেয়রের সমর্থকেরা গতকাল বেলা দুইটায় উপজেলা পরিষদ চত্বরে বসে গালিগালাজ করে এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে পিকলু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তারা জানান, বেলা দুইটার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে করে প্রায় ৬০-৭০ জন যুবক ‘ধর ধর’ বলে অফিসকক্ষের সামনে আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে সবাই ছোটাছুটি করতে থাকে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায় বলেন, ‘দরপত্র সমঝোতা হয়েছে কি না, আমার জানা নেই।’ ইউএনও মো. মাসুদ হাসান পাটোয়ারী তাঁর বাসায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থান নেওয়ার বিষয়ে বলেন, তাঁরা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। হারিছুর রহমান বলেন, ‘টেন্ডার-সম্পর্কিত কোনো বিষয়ের সঙ্গে আমি যুক্ত নই। অভিযোগের কোনো সত্যতা নেই।’