দরপত্র নিয়ে বিরোধে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিয়াজ ইরফান
দিয়াজ ইরফান

২৯ অক্টোবর গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তাণ্ডব চালানো হয়। সেদিন ওই বাসাসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরও তিন নেতার বাসায় ভাঙচুর ও লুটপাট চলে। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। এর ২২ দিন পর গত রোববার রাতে নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, দরপত্রের ঘটনাকে কেন্দ্র করে দিয়াজকে হত্যা করা হয়েছে। পরে খুনিরা লাশ ঝুলিয়ে রাখে। দিয়াজের পরিবারও মনে করে, এর নেপথ্যে দরপত্রকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি কাজ করেছে। ঘটনার সময় দিয়াজের পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। বাসার মূল দরজা খোলা ছিল।
পুলিশ ও চিকিৎসকেরা ময়নাতদন্ত প্রতিবেদনের আগে এ বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।
প্রায় ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সময়ের মধ্যে অন্তত ছয়বার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ না থাকলে এবং দরপত্রের প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনলে ভবিষ্যতে ক্যাম্পাসে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

দিয়াজের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় অবরোধ করেন। এ ছাড়া সকালে শহর থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন হাটহাজারীর মদনহাট এলাকায় পৌঁছার পর অবরোধ করে ক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ। সকাল নয়টার দিকে হাটহাজারী-অক্সিজেন সড়কের ধোপার দিঘীর পাড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন কিছু নেতা-কর্মী। এ সময় তাঁরা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রলীগের এক নেতা বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।

ষোলশহরের স্টেশনমাস্টার শাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে বিকেল পাঁচটা থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।

গতকাল বিকেলে ক্যাম্পাসে দিয়াজের জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির উদ্দীন। জানাজায় অংশ নিতে গেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় যাওয়ার সময় নেতা-কর্মীরা তাঁর গাড়ির সামনে বিক্ষোভ করেন। এ সময় তিনি বলেন, ‘সবাই ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ময়নাতদন্ত নিয়ে সংশয় থাকলে আবার ময়নাতদন্ত করার চেষ্টা করব আমি।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি টিপু ও দিয়াজ দুজনই মেয়র নাছিরের অনুসারী। তবে দরপত্রকে কেন্দ্র করে তাঁদের দুজনের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একপর্যায়ে নিজ অনুসারীদের নিয়ে তাঁরা দুটি পক্ষে ভাগ হয়ে যান বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান। দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের নিজেদের মধ্যে একের পর এক সংঘর্ষ নিয়ে ১৪ নভেম্বর প্রথম আলোয় ‘৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ নিয়ে অস্থিরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

গত রোববার রাতে দিয়াজের বাসায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রতিবেদনে মরদেহের বিভিন্ন স্থানে কালচে দাগ ও নখের আঁচড় থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মুহাম্মদ রেজাউল প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্ভর করছে এ ঘটনায় হত্যা না আত্মহত্যাহজনিত মামলা হবে।

দু-এক দিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান আবুল কাসেম।

গত রোববার রাত নয়টার দিকে দিয়াজের লাশ উদ্ধারের পর তাঁর অনুসারীরা বাসার সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন।

গতকাল এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি সহকারী প্রক্টর। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ছেলের মৃত্যুর পেছনে দরপত্র নিয়ে বিরোধ কাজ করেছে বলে মনে করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি হলের তৃতীয় শ্রেণির কর্মচারী। প্রথম আলোকে তিনি বলেন, ২৯ অক্টোবর তাঁদের বাসা ভাঙচুর করা হয়। এরপর হাটহাজারী থানায় আলমগীর টিপুর বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কত কোটি টাকা লাগবে টেন্ডার-বাণিজ্য করতে। আমাকে বলত, আমি এনে দিতাম।’