দরপত্র নিয়ে সংঘর্ষে চট্টগ্রামে আইনজীবীসহ গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের মধ্যে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনের সামনে গোলাগুলির ঘটনায় এক আইনজীবীসহ তিনজন আহত হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নৌঘাটের ইজারাসংক্রান্ত দরপত্রের ফরম বিতরণ নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

গুলিবিদ্ধ তিনজন হলেন চট্টগ্রাম বারের আইনজীবী তৌহিদুল ইসলাম (৩০), সিটি করপোরেশনের ঠিকাদার অশোক দেব ওরফে লিটন (৩৭) ও পথচারী অভি পাল (২২)। তাঁরা তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সিটি করপোরেশনের ১৭টি নৌঘাটের ইজারাসংক্রান্ত দরপত্রের ফরম বিতরণের শেষ দিন ছিল। ফরম বিতরণ নিয়ে আজ বেলা তিনটায় নগর ভবনের দ্বিতীয় তলায় নগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এ এম মহিউদ্দিনের অনুসারী মিল্টনের কথা-কাটাকাটি হয়। মামুন ফরম নিতে মিল্টনকে বাধা দেওয়ায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর এ এম মহিউদ্দিনও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু করলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর কক্ষ থেকে বেরিয়ে আসেন। তিনি নগর ভবনের দ্বিতীয় তলায় রাজস্ব শাখার সামনে দুই পক্ষের যুবকদের চড়-থাপ্পড় মেরে বের করে দেন। সিটি মেয়রের দপ্তরও নগর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
প্রত্যক্ষদর্শী সূত্র আরও জানায়, মেয়র তাঁদের বের করে দেওয়ার আড়াই ঘণ্টা পর নগর ভবনের সামনে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হলে আইনজীবীসহ তিনজন আহত হন। তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এর মধ্যে আইনজীবী তৌহিদুল ইসলামের কপালে, অশোক দেবের বাঁ হাতে এবং অভি পালের পিঠ, হাত ও শরীরে ছররা গুলি লাগে। হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি আগ্রাবাদে আরেকটি কাজে ব্যস্ত ছিলাম। সেখানেই খবর পাই যে নৌঘাটের ইজারার দরপত্রের ফরম বিতরণ নিয়ে আমাদের দপ্তরের সামনে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পক্ষকে ইজারার ফরম নিতে বাধা দেওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওরা আবার নগর ভবনের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু এর মধ্যেও ১৭টি ঘাটের ৬৬টি ফরম বিতরণ করা হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘টেন্ডার নিয়ে মামুন ও মহিউদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এরপর তাঁরা বাইরে আবার গোলাগুলি করেন। এতে তিনজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আমরা দুজনকেই ধরার জন্য অভিযান চালাব।’
রাজস্ব বিভাগ সূত্র জানায়, আজ ফরম বিতরণের শেষ দিন ছিল। কাল বৃহস্পতিবার দরপত্র জমার দিন ধার্য রয়েছে।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আইনজীবী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আদালত ভবনের দিকে যাচ্ছিলাম। নগর ভবন পার হওয়ার সময় চলন্ত অটোরিকশায় একটি গুলি এসে আমার কপালে লাগে। কারা গুলি ছুড়েছে আমি জানি না।’
ঠিকাদার অশোক দেব প্রথম আলোকে জানান, ‘২১ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের একটি কাজ চলছে। আমি সেই কাজটি করছি। সেখান থেকে লেবারদের (শ্রমিক) মজুরি সংগ্রহ করতে আমি নগর ভবনের দিকে রওনা হই। নগর ভবনের গেট (ফটক) পার হওয়ার সময় একটি গুলি আমার হাতে লাগে।’
চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালটি ওয়ার্ডের চিকিৎসক উম্মে সালমা সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনের অবস্থা আপাতত গুরুতর নয়। কারণ, তাঁরা বমি করেননি। আমরা সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর তাঁদের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারব।’
সংঘর্ষের ঘটনা সম্পর্কে আবদুল্লাহ আল মামুন এবং এ এম মহিউদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।