দরপত্র বাক্স পাহারায় যুবকের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও কার্যালয়ের মূল ফটক, দোতলার সিঁড়ি ও দরপত্র বাক্স গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আগলে রেখেছিলেন একদল যুবক। অধিদপ্তরের আওতায় ক্ষুদ্র পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের ৮৯ লাখ টাকার কাজ তাঁদের পছন্দের ঠিকাদারকে পাইয়ে দিতেই এ চেষ্টা বলে জানা যায়।
ঠাকুরগাঁও এলজিইডি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিশোরী খালে একটি রেগুলেটর ও পানি ব্যবস্থাপনা পর্ষদের কার্যালয় নির্মাণের জন্য গত ২৬ জুলাই দরপত্র আহ্বান করে এলজিইডি। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮৯ লাখ টাকা। গতকাল সোমবার দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল।
গতকাল সকাল ১০টার দিকে এলজিইডি ঠাকুরগাঁও কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কার্যালয়ের মূল ফটকের সামনে বসে আছেন ২০ থেকে ২৫ জন যুবক। আর ১৫ থেকে ২০ জন যুবক এলজিইডি চত্বরের এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। দোতলার সিঁড়ির সামনে বসে আছেন পুলিশের তিন সদস্য। পাশে রাখা দরপত্র বাক্স ঘিরে দাঁড়িয়ে আরও পাঁচ যুবক।
কার্যালয় চত্বরে কয়েকজন কিশোরকে বসে থাকতে দেখে এর কারণ জানতে চাইলে পায়েল নামের এক কিশোর বলে, ‘বড় ভাইরা আসতে বলেছেন বলে এসেছি।’ তবে বড় ভাইদের পরিচয় জানাতে অস্বীকার করে তারা।
সে সময় নাম প্রকাশে অনিচ্ছুক চত্বর এলাকায় থাকা এক যুবক জানান, প্রকল্পিত ব্যয়ের ৪ শতাংশ দেওয়ার অঙ্গীকারের পর তাঁরা ওই ঠিকাদারকে কাজটি পাইয়ে দিতে সহায়তা করছেন।
ঠিকাদার জামাল হোসেনের সঙ্গে। যুবকেরা কেন বাক্স পাহারা দিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘দরপত্র খুললেই বিষয়টি জানতে পারবেন।’
বেলা একটার পর দরপত্র বাক্স খোলা হলে দেখা যায় যে সেখানে চারটি দরপত্র জমা হয়েছে। জামাল হোসেনই সবচেয়ে কম দরদাতা। পরে জামাল হোসেন বলেন, ‘ঠিকাদারি করতে গেলে অনেক সময় এমনটা করতে হয়।’