দরপত্র বিক্রিতে অনিয়ম, পেছনের তারিখে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের প্রায় ১২ কোটি টাকার কাজে অনিয়ম করে দরপত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি জানাজানি হলে পেছনের তারিখ দিয়ে দরপত্র বিক্রি স্থগিত ঘোষণা করা হয়। কাজ না করে অর্থ ভাগ-বাঁটোয়ারা করার জন্যই ওই অনিয়ম করা হয়েছে।
করপোরেশনের খ-অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদারের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে না জানিয়ে দরপত্র বিক্রির তারিখ ঘোষণা করেন মোতালেব হাওলাদার। ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রোববার স্থগিতপত্র পেয়ে দরপত্র বিক্রির বিষয়টি জানতে পারেন।
করপোরেশন থেকে জানা যায়, নগরের ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সড়ক সংস্কার, প্রশস্তকরণসহ কয়েকটি কাজের প্রায় ১২ কোটি টাকার দরপত্র বিক্রির তারিখ ছিল গতকাল। স্মারক নম্বর বিসিসি/ইডি/৪৬/১৪ বলে ওই আদেশ হয়। একই সঙ্গে মাত্র ২৪ ঘণ্টা পর দরপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তড়িঘড়ি করে দরপত্র বিক্রি এবং জমা নেওয়ার বিষয়টি জানাজানি হলে পেছনের তারিখ দিয়ে দরপত্র বিক্রি স্থগিত করা হয়।
ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার পছন্দসই ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে সুবিধা নিতে চেয়েছিলেন। কয়েকজন কাউন্সিলর অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী কিছু ঠিকাদারের সঙ্গে কাজ করেন। গত বুধবার বিষয়টি জানাজানি হলে দরপত্র বিক্রি স্থগিত করা হয়। ১৪ আগস্টের স্থগিত করার চিঠি প্রধান প্রকৌশলীর কাছে ১০ দিন পর গতকাল এবং এলজিইডিতে পৌঁছায় গত বৃহস্পতিবার।
খোঁজ নিয়ে জানা যায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম গতকাল গিয়ে তাঁদের দপ্তরে স্থগিতের চিঠি পান। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বরিশাল কার্যালয়ে চিঠি পৌঁছায় ২১ আগস্ট বৃহস্পতিবার।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম বলেন, ‘কত টাকার কাজ, কোথায় কাজ, তা কিছুই জানি না। গোপনে দরপত্র বিক্রির নোটিশ করা হয়েছিল, যার জন্য নোটিশ পাইনি। তবে কে বা কারা গতকাল কার্যালয়ে দরপত্র বিক্রি স্থগিতের একটি নোটিশ দিয়েছে। ১৪ আগস্ট স্বাক্ষর করা থাকলেও ২৪ তারিখ দরপত্র বিক্রির দিন চিঠি পৌঁছে দেয়।’
প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, ‘দরপত্র বিক্রির বিষয়টি আমি জানি না। হয়তো নির্বাহী প্রকৌশলী জানাননি। এমনও হতে পারে, আমি ছুটিতে ছিলাম। তবে গতকাল স্থগিতের একটি চিঠি পেয়েছি।’
প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, ‘কত টাকার কাজ তা জানা নেই। বিভিন্ন সড়ক সংস্কারকাজের দরপত্র বিক্রির তারিখ ছিল। গত সপ্তাহে তা স্থগিত করা হয়েছে।’
মো. মোতালেব হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া গেছে।