দরপত্র ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাদের হাতাহাতি
মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাদের মধ্যে গতকাল রোববার হাতাহাতি হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে উপজেলার হাটবাজার ইজারার দরপত্র ভাগাভাগির সময় এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৬টি হাটবাজার বাংলা ১৪২৩ সনের নিলামের দরপত্র বিক্রি চলছে। আগামী বৃহস্পতিবার দরপত্র বিক্রি ও জমার শেষ দিন। ওই দিন দুপুরে সর্বোচ্চ দরদাতাদের এক বছরের জন্য হাটবাজার ইজারা দেওয়া হবে। গত তিন বছরের দরের গড় হিসাবে এবার ৪৬টি হাটবাজারের কাঙ্ক্ষিত ইজারা মূল্য ৭১ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল দুপুরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপজেলা পরিষদের মিলনায়তনে অনির্ধারিত এক বৈঠকে বসেন। বৈঠকে মেহেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা আখতার বানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় হাটবাজার ইজারার দরপত্র ভাগাভাগির আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয় পক্ষের লোকজন মিলনায়তনের চেয়ার তুলে একে অপর পক্ষের নেতাদের মারতে উদ্যত হয়। এ সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মহিলা সাংসদের লোকজন মিলনায়তনের বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এম এ খালেক পক্ষের লোকজন উপজেলা পরিষদের মধ্যে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সাংসদ সেলিনা আখতার বানু মুঠোফোনে বলেন, ‘ওটা অনির্ধারিত একটা সভা ছিল। সেখানে আমার ব্যক্তিগত সহকারী বক্তব্য দেওয়ার পর খালেক পক্ষের নেতারা উত্তেজিত হয়ে তাঁকে (ব্যক্তিগত সহকারী) মারতে উদ্যত হয়। আমার সঙ্গে অশালীন আচরণও করে।’
সেলিনা আখতার আরও বলেন, যেহেতু গ্রামের হাট, তাই সাধারণ কর্মীদের সুযোগ দিতে হবে। কিন্তু খালেকের লোকজন সব নিয়ন্ত্রণ করতে চান। এখন নিয়মনীতি অনুযায়ী হাটবাজার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, ইউনিয়নের নেতারা হাটগুলোর ইজারা নিতে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বৈঠকে মতের অমিল হওয়ায় আর কিছু হয়নি। সেখানে কোনো উত্তেজনা বা হাতাহাতির ঘটনা ঘটেনি। মহিলা সাংসদের অভিযোগ সঠিক নয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন বলেন, আইন ও নিয়ম অনুযায়ী দরপত্রের সব কাজ সম্পন্ন করা হবে।