দরপত্রে কেনা ৪৪টি গাছ, কাটা হলো ৩০০
উন্মুক্ত ডাকে কেনা হয় ৪৪টি গাছ। কিন্তু কেটে নেওয়া হয়েছে তিন শতাধিক গাছ। এ ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারায়।
অভিযোগ উঠেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চার নেতা-কর্মী অতিরিক্ত গাছ অবৈধভাবে কেটে নিয়েছেন। এ কাজে তাঁদের সহযোগিতা করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাতাবুর রহমান।
উপজেলা পরিষদ সূত্র জানায়, আউচপাড়া ইউপি চেয়ারম্যান মাহাতাবুর রহমান তাঁর এলাকার হাটগাঙ্গোপাড়া থেকে খালগ্রাম এবং কামারপাড়া সড়ক সম্প্রসারণ কাজের জন্য কয়েকটি গাছ কাটা প্রয়োজন বলে পরিষদের মাসিক সভায় জানান। এ পরিপ্রেক্ষিতে ওই দুটি সড়কের ৪৪টি গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ নভেম্বর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়। আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সদস্য আফসার আলী ৯১ হাজার টাকায় ওই গাছগুলো কেনেন। ২১ নভেম্বর থেকে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, আফসার আলী, দলের কর্মী পলাশ ও আফজাল হোসেন লোকজন নিয়ে গাছ কাটা শুরু করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) বাগমারার উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ জানান, হাটগাঙ্গোপাড়া থেকে খালগ্রাম সড়কের সম্প্রসারণের কাজ শুরু হলেও হাটগাঙ্গোপাড়া থেকে কামারপাড়া সড়কের কোনো প্রক্রিয়াই শুরু হয়নি।
২৭ নভেম্বর সকালে সরেজমিনে দেখা যায়, কিছু লোক গাছ কাটছেন। বাবলা, কড়ই, মেহগনিসহ কয়েকটি জাতের তিন শতাধিক কাটা গাছের গোড়া রয়েছে। কিছু গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সড়কের পাশে গাছের কাটা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কয়েকজন গাছের গুঁড়ি গাড়িতে তুলছেন।
এ নিয়ে স্থানীয় ২০-২৫ জনের সঙ্গে কথা হয়। তাঁরা অভিযোগ করেন, আউচপাড়া ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ও আফসার আলী লোকজন নিয়ে তিন শতাধিক গাছ কেটে সাবাড় করেছেন।
ইউপি চেয়ারম্যান মাহাতাবুর রহমান বলেন, ‘শহিদুল ও আফসার এসব গাছ কেটেছেন। তাঁরা আমার সহযোগিতা চেয়েছেন, তাই রাস্তায় উপস্থিত থেকে তাঁদের গাছ কাটতে সহযোগিতা করেছি।’ তবে ঠিকাদাররা অতিরিক্ত কয়েকটি গাছ কেটেছেন বলে তিনি স্বীকার করেছেন।
শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুধু দরপত্রের মাধ্যমে পাওয়া বাবলাগাছ কেটেছি। অন্য গাছ আওয়ামী লীগের আরেক নেতা কেটেছেন।’
আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীরা গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তবে পলাশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘আউচপাড়া ইউপি চেয়ারম্যানকে গাছের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।’ চেয়ারম্যানের সহযোগিতায় অতিরিক্ত গাছ কাটা হয়েছে বলে জানালে তিনি বলেন, ‘তাহলে আপনারা তাঁকে ধরে পুলিশে দেন।’