দরপত্রের আগেই কাজ প্রায় শেষ
ভোলা সদর উপজেলায় এক বছর ধরে একটি ভবন নির্মাণের কাজ চলছে। কাজও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু গত ২১ মে ওই ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু কাজটি কোন ঠিকাদার করেছেন, তা কেউ বলছেন না। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, পছন্দের ঠিকাদারকে কাজটি পাইয়ে দিতে গোপনে দরপত্র আহ্বান করেছেন ভোলা সদর উপজেলা প্রকৌশলী।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলা মিলনায়তনের পেছনের অংশে আনুমানিক ৪০ বর্গফুটের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। তবে দরজা-জানালা নেই। ভবনের অনেক জায়গার পলেস্তারা করা হয়নি। অনেকাংশে ফাটল দেখা দিয়েছে। আশপাশে ময়লা-আবর্জনা।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বিভিন্ন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, এক বছর ধরে ভবনটির দোতলায় উপজেলা চেয়ারম্যান ও নিচতলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় নির্মাণ হচ্ছে। কিন্তু কাজ শেষ হচ্ছে না।
অনুসন্ধানে দেখা যায়, সদর উপজেলা প্রকৌশলী ফোরকান শিকদার ২১ মে দুটি পত্রিকায় দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি দেন। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২৫ লাখ টাকা দরে ভোলা সদর উপজেলার হলরুম ও প্রশাসনিক ভবন-২ মেরামত নামে কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র বিক্রির শেষ সময় ৪ জুন। আর ৫ জুন দরপত্র দাখিলের শেষ সময় ধরা হয়েছে।
মিজানুর রহমান নামে এক ঠিকাদার বলেন, ‘শুনেছি দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু আমরা বিজ্ঞপ্তি পাইনি। দরপত্রেরও কোনো নোটিশ পাচ্ছি না।’ নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ঠিকাদার একই কথা বলেন। তাঁদের অভিযোগ, নিজস্ব ঠিকাদারকে কাজ দেওয়ার জন্যই গোপনে দরপত্র আহ্বান করা হয়েছে।
ফোরকান শিকদার বলেন, দরপত্রটি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় নির্মাণ ও লাগোয়া উপজেলা মিলনায়তন সংস্কারের জন্য আহ্বান করা হয়েছে। দরপত্র আহ্বান করার আগে ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে কীভাবে, জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘আমি কিছু জানি না।’
ভোলা এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘এ রকম হয়ে থাকলে তা সম্পূর্ণ অনিয়ম।’