লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দরপত্র আহ্বানের এক বছর আগেই ১০টি নির্মাণকাজ শেষ করে ফেলা হয়েছে। সেই সঙ্গে একটি উচ্চবিদ্যালয় ও একটি বাজারের নামে ভুয়া দরপত্র আহ্বান করে টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন তাঁর ঘনিষ্ঠদের দিয়ে আগেই কাজগুলো সেরে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), থোক বরাদ্দের আওতায় ১৯টি প্যাকেজে নলকূপ স্থাপন, সীমানাপ্রাচীর, শৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের প্রায় এক কোটি টাকার দরপত্র আহ্বান করা হয় গত ৩ মে। দরপত্র বিক্রির শেষ দিন ছিল ১৭ মে। আর দাখিলের শেষ সময় ছিল ১৮ মে। তবে ঠিকাদারদের গতকাল পর্যন্ত কার্যাদেশ দেওয়া হয়নি।
গত ২১ মে এই দরপত্র আহ্বান নিয়ে প্রথম আলোয় ‘উপজেলা চেয়ারম্যান ও কাউন্সিলর: রামগঞ্জে কোটি টাকার দরপত্রে সমঝোতা?’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এর ফলোআপ করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদারসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ও সরেজমিনে ১৯টি প্যাকেজের ১২টির ব্যাপারে অভিযোগ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের চারজন নেতা বলেন, ইছাপুর উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষ নির্মাণের জন্য ৬ লাখ ৪৩ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু রামগঞ্জ উপজেলার কোথাও এই নামে কোনো উচ্চবিদ্যালয় নেই। শোশালিয়া নামে কোনো বাজার না থাকলেও এই নামের একটি বাজারের শৌচাগার নির্মাণের জন্যও ১ লাখ ৫০ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। এ ছাড়া শাকতলায় বেশ কয়েকটি পুকুর ঘাট ও পাড় এবং নলকূপ স্থাপনের কাজসহ ১০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। অথচ কাজগুলো এক বছর আগেই সম্পন্ন হয়েছে।
আথকরা বাজার মসজিদ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মসজিদ কমিটির উদ্যোগে পাড়টি এক বছর আগেই নির্মাণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান বলেছেন, দরপত্র আহ্বান করে কিছু টাকা তাঁদের দেবেন।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ইছাপুর উচ্চবিদ্যালয় নামের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রামগঞ্জে নেই।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘ইউপি চেয়ারম্যানরা প্রকল্প দিয়েছেন। সেটি আমরা সভা করে অনুমোদন দিয়েছি। আর গত অর্থবছরে আহ্বান করা দরপত্রের কয়েকটির কাজ করে ফেলেছেন ঠিকাদারেরা। বরাদ্দ না থাকায় সেগুলোর বিল ওই সময় আমরা দিতে পারিনি। এ বছর সেগুলোর আবার দরপত্র আহ্বান করা হয়।’
উপজেলা প্রকৌশলী অনুপম কুমার বড়ুয়া বলেন, গত অর্থবছর বেশ কিছু প্রকল্প নেওয়া হয়। সেগুলোর কাজ করে ফেলেন ঠিকাদার। কিন্তু বিল দেওয়া হয়নি। সেই প্রকল্পগুলোর জন্য এবার দরপত্র আহ্বান করা হয়। আর শোশালিয়া বাজার ও ইছাপুর উচ্চবিদ্যালয় নামে যে প্রকল্প দেওয়া হয়েছে, সেটি ভুল হয়েছে। সংশোধন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘বিষয়টি জেনেছি। ভুয়া প্রকল্প দিয়ে বা কাজ না করে বিল নেওয়ার সুযোগ নেই। আমরা বিষয়টি নিয়ে বসেছি। প্রকৌশলীকে সরেজমিনে দেখতে বলেছি। চিহ্নিত করে প্রকল্পগুলো বাতিল করা হবে।’