দরপত্রের পে-অর্ডার ছিনতাই, দাখিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় গতকাল মঙ্গলবার দরপত্রের বাক্স থেকে এক ঠিকাদারের দরপত্রের সঙ্গে থাকা পে-অর্ডার ক্ষমতাসীন দলের লোকজন ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁরা অস্ত্রের মুখে সাতজন ঠিকাদারকে দরপত্র দাখিল করতে দেননি।
এদিকে পে-অর্ডার ছিনতাই করে নেওয়ার ঘটনায় ঠিকাদার দেলোয়ার হোসেন মেয়র বেলাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করতে মেয়র সচিব জাকির হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করেছেন।
কয়েকজন ঠিকাদারের অভিযোগ, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার মধ্যস্থতায় এ কাজ ভাগ-বাঁটোয়ারা হয়েছে। ওই নেতাদের লোকজন গতকাল তিনটি দরপত্র দাখিল করেন।
রামগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নগর উন্নয়ন প্রকল্পের আওতায় এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কারের জন্য গত সপ্তাহে ২৭ লাখ ৪২ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। একটি প্যাকেজের (গ্রুপ) মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত সোমবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, প্রকৌশলীর কার্যালয় ও পৌরসভা কার্যালয় থেকে ১১টি শিডিউল বিক্রি হয়।
ঠিকাদার আলমগীর হোসেন বলেন, ‘আমি আমার প্রতিষ্ঠানের নামে দরপত্র কিনি। গতকাল দুপুরে দরপত্র দাখিল করতে পৌর কার্যালয়ে আসি। এ সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. শাহাবুদ্দিনসহ সাত-আটজন আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে দরপত্র দাখিল করতে দেননি। এ ছাড়া আরও ছয়জন ঠিকাদার তাঁদের কারণে ভয়ে দরপত্র দাখিল করতে পারেননি।’
ঠিকাদার দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল দুপুরে আমি দরপত্র বাক্সে দাখিল করি। আধা ঘণ্টা পর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোতাহের হোসেনের সামনে বাক্স থেকে দরপত্রের সঙ্গে থাকা পে-অর্ডার খুলে নিয়ে যান শাহাবুদ্দিন ও তাঁর লোকজন। পরে এ বিষয়ে আমি মেয়রের কাছে লিখিত অভিযোগ করি। আমার দরপত্রটি বাতিল করার জন্য তাঁরা এ কাজ করেছেন।’ এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. মোতাহের হোসেন ফোন ধরেননি।
তবে স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. শাহাবুদ্দিন দাবি করেন, দরপত্র দাখিলে কোনো ঠিকাদারকে বাধা দেওয়া হয়নি। বাক্স থেকে দরপত্রের পে-অর্ডার খুলে নেওয়ার অভিযোগও ঠিক নয়।
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র বেলাল আহমেদ জানান, পে-অর্ডার খুলে নেওয়ার ঘটনায় ঠিকাদার দেলোয়ার অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।