দরপত্রের লটারি অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দরপত্রের লটারির অনুষ্ঠানের সময় হামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলামের মাথা ফেটে যাওয়ার ঘটনায় বেতাগী পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার মামলাটি করেন যুবলীগ নেতা জাহিদুল ইসলামের বাবা জহিরুল ইসলাম।

বিচারক মো. মাসুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার এবং মো. পিন্টু, নজরুল ইসলাম, সুজন শিকদার, মো. রাজীব ও মো. মহসিন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বেতাগী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দরপত্র বিক্রি করলে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম দরপত্র ক্রয় করে তাতে অংশ নেন। গত মঙ্গলবার বিকেলে ছিল এসব কাজের ঠিকাদার নিয়োগের জন্য নির্ধারিত দিন। সেখানে যুবলীগ নেতা জাহিদুল ইসলামসহ অন্য ঠিকাদারেরা সেখানে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, রামদা, ছেনি নিয়ে সেখানে হামলা চালান। বাবুল আকতার খুনের উদ্দেশ্যে জাহিদুলকে লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করে পেটান। এতে জাহিদুলের মাথা ফেটে গেলে তিনি মাটিতে পড়েন। এ সময় তাঁর গলা থেকে আসামি পিন্টু স্বর্ণের চেইন এবং আসামি সুজন সিকদার পকেটে থাকা দামি মোবাইল ফোনসেট নিয়ে যান। পরে সেখান থেকে অন্য ঠিকাদারেরা জাহিদুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।

এ বিষয়ে এ বি এম গোলাম কবির বলেন, ‘মামলার কথা শুনেছি। আমি বরিশালে একটি সভায় আছি। পরে আপনার সঙ্গে এ নিয়ে কথা বলব।’

বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ৪ কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির সময় হামলায় বরগুনা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুলের মাথা ফেটে যায় এবং অপর এক ঠিকাদার আহত হন। গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ হামলার ঘটনার পর লটারি ভণ্ডুল হয়ে যায়।

এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘বেতাগীতে দরপত্রের লটারির অনুষ্ঠানে হামলা, আহত ২’ শিরোনামে খবর ছাপা হয়।