চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কোটি টাকার উন্নয়নকাজ পাওয়ার জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের সঙ্গে জাল পে-অর্ডার ও চেক জমা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই পে-অর্ডার ও চেক জব্দ করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের প্রকৌশল দপ্তরের ডিভিশন-৫-এর অধীনে নগরের রাজাখালী খালের পূর্ব পাড়ে দুই কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ জন্য গত ২০ নভেম্বর দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, ফেইম মেকার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পে-অর্ডারের পরিবর্তে চেক জমা দিয়েছে। আর সাহাবুদ্দিন নামের এক ঠিকাদার পাঁচ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছে। দুটিই জাল সন্দেহ হওয়ায় জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করে আগামী রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।