দরিদ্র ব্যক্তির দোকান হটিয়ে ছাত্রলীগ নেতার স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের হতদরিদ্র যুবক ফারুক হোসেনের টংদোকান উচ্ছেদ করে সেই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা l প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের হতদরিদ্র যুবক ফারুক হোসেনের টংদোকান উচ্ছেদ করে সেই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা l প্রথম আলো

ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অস্থায়ী দোকান তুলে ১৪ বছর ধরে সাত সদস্যের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন স্থানীয় যুবক ফারুক হোসেন (৩০)। গত ১৯ আগস্ট লাথি ও ধাক্কা মেরে দোকানটি সরিয়ে দেন ছাত্রলীগের স্থানীয় এক নেতা। বর্তমানে ওই নেতা সেখানে পাকা দোকানঘর তুলছেন।
উপজেলার খামারমুন্দিয়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘প্রভাবশালীরা আমার টং দোকানে নয়, লাথি মেরেছে পেটে। তারা সেখানে পাকা দোকান বানাচ্ছে। এখন বেকার হয়ে পথে পথে ঘুরছি। দখলকারী ক্ষমতাসীন দলের হওয়ায় কারও কাছে বিচার চেয়েও পাচ্ছি নে।’
সরেজমিনে দেখা গেছে, দুলালমুন্দিয়া বাজারের দক্ষিণ পাশে পাকা অর্ধসমাপ্ত একটি দোকানঘর তৈরি করা হয়েছে। আর ওই স্থাপনার পাশে পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি টং দোকান। সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, ওই টং দোকানটিই ফারুক হোসেনের। মহাসড়কের পাশে ছিল তাঁর দোকানটি। সেখানে তিনি ১৪ বছর ধরে চা বিক্রি করতেন।
ফারুক হোসেন জানান, গত ১৯ আগস্ট বিকেলে তাঁর দোকানের পাশের ব্যবসায়ী আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন এবং তাঁর ছেলে রায়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তাঁদের লোকজন লাথি এবং ধাক্কা মেরে তার টং দোকানটি ফেলে দেন। এ সময় বাধা দিতে গেলে ফারুককে মারধর করা হয়। ফারুক এখন ওই এলাকায় যেতেও পারছেন না। তিনি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। ফারুক হোসেন বলেন, ‘আমার দোকানটির পাশেই মাসুদ রানাদের দোকান রয়েছে। ক্ষমতার জোরে তাঁরা আমার দোকানের জায়গা দখল করে সেখানে আরেকটি পাকা দোকান করছেন। আর আমি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি।’
মাসুদ রানা বলেন, পুরোনো দোকানটি তিনি তাঁর চাচাকে দিয়ে দেবেন। আর নতুনটিতে তাঁরা ব্যবসা করবেন। ফারুককে চলে যেতে বলার পরও না যাওয়ায় তাঁরা দোকানটি তুলে দিয়েছেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ফারুক হোসেনের অভিযোগটি তিনি পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সওজের জায়গায় কেউ পাকা স্থাপনা করতে পারে না। তিনি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।