দরিদ্রদের চালের কার্ড সচ্ছলদের নামে বরাদ্দ, পাঁচটি বাতিল

গরিব মানুষের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১০ টাকা কেজি দরে বিক্রির কথা। তাঁরা যাতে সহজে চাল কিনতে পারেন, সে জন্য তাঁদের কার্ডও করে দেওয়ার কথা। সাধারণত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যানরা এই কার্ড করেন। কিন্তু কার্ড করতে গিয়ে করা হয় অনিয়ম। গরিবদের পরিবর্তে সচ্ছলদের নামে বরাদ্দ দেওয়া হয় কার্ড। এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। ধনীদের বরাদ্দ দেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ার পর গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন পাঁচটি কার্ড বাতিল করে দিয়েছে।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার পর গত ২১ এপ্রিল উপজেলার ভদ্রঘাট ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাঈল হোসেন খাদ্যবান্ধব কর্মসূচির সাতজন উপকারভোগীর কার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেন। এরপর তদন্ত কমিটি করে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেন ইউএনও। ২২ এপ্রিল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান কার্ডগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন ইউএনওর কার্যালয়ে জমা দেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী সাতটি কার্ডের মধ্যে ৩০৩, ১২১৯, ১২৩৮, ১২৩৭ ও ১২৩২ নম্বর কার্ড স্বচ্ছল পরিবারের নামে বরাদ্দ করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে উপজেলা খাদ্যবান্ধব কমিটি গতকাল পাঁচটি কার্ড বাতিল করে। একই সঙ্গে ওই কমিটি কার্ডগুলো সংশ্লিষ্ট ইউনিয়নে তালিকা প্রণয়ন কমিটিকে প্রকৃত হতদরিদ্রদের মধ্যে বিতরণ করার নির্দেশ দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ১৪ জন সচ্ছল কার্ডধারী তাঁদের কার্ডগুলো ভদ্রঘাট ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হকের কাছে জমা দেন। পরে ইউপি চেয়ারম্যান সেই কার্ডগুলো ইউএনওর কার্যালয়ে জমা দেন। পরে ১৪টি কার্ডের ব্যাপারে তদন্ত কমিটি করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেন ইউএনও। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্ডগুলোর বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাতকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির সাতটি কার্ডের বিষয়ে তদন্ত করার পর পাঁচজন কার্ডধারী সচ্ছল পরিবারের হওয়ায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁদের কার্ড বাতিল করা হয়। এ ছাড়া স্বচ্ছল পরিবারের সদস্যদের দেওয়া ১৪টি কার্ডের ব্যাপারে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সচ্ছল পরিবারকে বরাদ্দ দেওয়া পাঁচটি কার্ড মঙ্গলবার বাতিল করা হয়েছে। আরও ১৪টি কার্ডের ব্যাপারে তদন্ত চলছে।