সাতক্ষীরার কলারোয়া উপজেলা খাদ্যগুদাম থেকে দরিদ্রদের জন্য দুর্গন্ধযুক্ত পচা চাল পাঠানোর সময় স্থানীয় লোকজন ৫৯০ বস্তা চাল আটক করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এসব চাল আটক করা হয়। নিম্নমানের চাল হওয়ায় সপ্তাহ খানেক আগে চালগুলো সিলগালা করা হয়েছিল।
কলারোয়া খাদ্যগুদাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলা খাদ্যগুদামের মাধ্যমে সরকার ৫২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করে। কলারোয়ার মোল্লা, জামান, সোহাগ ও সোনালী রাইস মিল ওই চাল সরবরাহ করে। অভিযোগ ওঠে গুদাম কর্মকর্তা আলী নূর ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে নিম্নমানের পচা চাল কেনেন। বিষয়টি জানাজানি হলে এক সপ্তাহ আগে জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি তদন্ত করেন। সত্যতা পাওয়ায় নিম্নমানের ৫০ মেট্রিক চাল কোথাও সরবরাহ না করার নির্দেশ দিয়ে গুদামে সিলগালা করে রেখে আসেন। এরই মধ্যে ঈদ উপলক্ষে দরিদ্রদের বিশেষ বরাদ্দের জন্য জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা ২৩ জুলাই ওই গুদাম থেকে ৫০ টন চাল তালা উপজেলার পাটকেলঘাটার গুদামে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী গতকাল সকালে কলারোয়া খাদ্যগুদাম কর্মকর্তা সিলগালা করে রাখা নিম্নমানের চাল থেকে ৫৯০ বস্তা (৩৫ মেট্রিক টন) চাল দুটি ট্রাকে করে পাটকেলঘাটায় পাঠানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন খবর পেয়ে ওই সব চাল আটক করেন।
খাদ্যগুদাম কর্মকর্তা আলী নূর ইসলাম বলেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি ৫০ টন চাল পাটকেলঘাটা গুদামে পাঠাচ্ছিলেন। সকালে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কয়েক শ মানুষ এসে চালগুলো পচা দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযুক্ত দাবি করে আটক করে। পরে তিনি স্বীকার করেন চালগুলো নিম্নমানের ছিল।
ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জনতা চাল আটক করে তাঁকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে খাদ্যগুদামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
জেলা খাদ্যনিয়ন্ত্রক শাহাজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কলারোয়া খাদ্যগুদামের কর্মকর্তাকে পাটকেলঘাটায় ভালো চাল পাঠাতে বলা হয়েছে, নিম্নমানের চাল নয়। তিনি গুদামে সিলগালা করে রাখা নিম্নমানের চাল পাঠানোর চেষ্টা করলে স্থানীয়রা তা আটক করেন। ওই গুদাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার বলেন, ‘ট্রাকে তোলা ৪১ বস্তা পচা ও দুর্গন্ধ চাল জব্দ করা হয়েছে। বাকি ৫৪৯ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়েছে। খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের পক্ষ থেকে মামলা করা হবে।’