দল করেন, তাই দুস্থের সুবিধা পাচ্ছেন স্বচ্ছলরা!

লাইলি বেগমের (৩৫) স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন বেশ আগে। বৃদ্ধ বাবার জরাজীর্ণ ছাপরাঘরে কোনোমতে মাথা গুঁজে দিন কাটান। ভিক্ষা করে চলে বাপ-মেয়ের পেট। এ নারীর ভাগ্যে জোটেনি ভিজিডি কার্ড।
অপরদিকে আয়শা খাতুন (৪০) পাকা বাড়ির মালিক। স্বামী পশুচিকিৎসক ও আওয়ামী লীগের নেতা। অথচ তিনি নিয়মিতই ভিজিডি কার্ডের চাল তুলছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।
সরেজমিনে ১১ মে দেখা যায়, কিশোরগাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়াডাঙ্গা গ্রামের লাল মিয়ার মেয়ে লাইলি বেগম। ১০ বছর আগে লাইলির সঙ্গে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের খোকা মিয়ার বিয়ে হয়। যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দুই বছরের মাথায় বাবার ঘরে ফিরে আসেন লাইলি। এরপর থেকে বাবার বাড়ি বেড়াডাঙ্গা গ্রামেই আছেন লাইলি। এক শতক জমির ওপর বসতভিটা ছাড়া তাঁর বাবার আর কিছু নেই। লাইলির মা নেই। বাবা-মেয়ে ভিক্ষা করে পেট চালান।
লাইলি বেগম বলেন, ‘কাটের জন্নে ম্যালা দিন চ্যারমেনের বাড়িত গেচি। ট্যাকা দিব্যার পাই নাই। তাই হামাক কাট দ্যায় নাই।’ লাইলির বাবা লাল মিয়া (৭০) বলেন, ‘হামার ছোলট্যা কাট পাই নাই। হামাকেও কাউয়ো কাট দ্যায় নাই। ভিক্কে করি খাবার নাগচি।’
এদিকে দুস্থ নারীদের জন্য সরকারের দেওয়া ভিজিডি কার্ড (নম্বর ২৪৯) পেয়েছেন একই গ্রামের সচ্ছল নারী আয়শা খাতুন। তাঁর স্বামী আবদুস ছালাম পেশায় একজন পশুচিকিৎসক ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ দম্পত্তির পাকা বাড়ি, দুই বিঘা জমি আছে। শুধু তা-ই নয়, আয়শা খাতুনের নামে ১০ টাকা কেজি দরের (খাদ্যবান্ধব কর্মসূচির) চালের কার্ডও (নম্বর ১২৪৮/৭) আছে। আয়শা খাতুন বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগ করে। তাই কার্ড পেয়েছি।’ আর তাঁর স্বামী আবদুস ছালামের ভাষ্য, ‘আমি দল করি। তাই কার্ড পেয়েছি।’
নীতিমালা অনুযায়ী, দুস্থ, অসহায়, অতিদরিদ্র এবং ২৪ থেকে ৫০ বছরের মধ্যে বয়সের নারীদের ভিজিডি কার্ড পাওয়ার কথা। এ ছাড়া যেসব দুস্থ নারী সরকারের অন্য কোনো সুবিধা পান না, তাঁরা ভিজিডি কার্ড পাবেন। এই কার্ডধারী প্রতে৵ক সুবিধাভোগী ব্যক্তি মাসে ৩০ কেজি করে ২৪ মাস চাল পাবেন।
অনুসন্ধানে জানা গেছে, কিশোরগাড়ি ইউনিয়নে ভিজিডি কার্ডের সুবিধাভোগী ৩৩০ জন অতিদরিদ্র নারীর তালিকায় লাইলি বেগমসহ অনেক দরিদ্র নারীরই নাম নেই। সেখানে ঠাঁই করে নিয়েছেন আয়শা বেগমের মতো সচ্ছল শতাধিক নারী। কার্ডপ্রতি ৪ থেকে ৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাঁরা এসব ভিজিডি কার্ড পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভিজিডি কার্ড-বঞ্চিত বেড়াডাঙ্গা গ্রামের জাহানারা বেগম (৪০) বলেন, ‘আমার স্বামী দিনমজুর। দেড় শতক জায়গায় একটি ছাপরাঘর ছাড়া কিছু নেই। কিন্তু আমি ভিজিডি কার্ড পাইনি। একটি কার্ডের জন্য চেয়ারম্যানের কাছে গেলে তিনি ৪ হাজার টাকা চান। টাকা দিতে না পারায় আমাকে কার্ড দেননি।’
এসব বিষয়ে কিশোরগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ইউনিয়নে ১৫ বছর ধরে নির্বাচন হয় না। এ নিয়ে আন্দোলন চলছে।’ তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নির্বাচনের জন্য আন্দোলন চলছে। তাই সমন্বয় করার জন্য কিছু দলীয় লোকজনের নাম ভিজিডির তালিকায় আসতে পারে। তবে বেশির ভাগ গরিব লোকই ভিজিডি কার্ড পেয়েছেন। আর লাইলি ভিক্ষা করলেও তাঁদের সংসার ভালো চলে বলে জানান চেয়ারম্যান।