দলবল নিয়ে আ.লীগ নেতার বাড়িতে গিয়ে হত্যার হুমকি
বরগুনার পাথরঘাটায় যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা দলবল নিয়ে আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে হত্যার হুমকি এবং চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদের ছেলে যুবলীগের নেতা বদরুল হুদা ও কৃষক লীগের নেতা এম জহির রায়হান অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এই হুমকি ও চাঁদা দাবি করেন। এ সময় তাঁদের বিরুদ্ধে বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ উঠেছে।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
আবুল বাশারের ভাষ্যমতে, চার বছর আগে চরদুয়ানী বাজারের হাফিজউদ্দিন আহম্মেদ ও বদরুলের কাছ থেকে দুটি ভিটি ১ লাখ টাকায় কিনে নেন আবুল বাশার। চার বছরেও ভিটির দখল বুঝিয়ে দিতে না পারায় ওই ১ লাখ টাকা তিনি ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় গত সোমবার বদরুল মুঠোফোনে গালাগালের পর ওই দিন দুপুরে বদরুল ও জহিরে নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা মোটরসাইকেল মহড়া দিয়ে আবুল বাশারের বাড়িতে গিয়ে তাঁকে হত্যার হুমকি দেন।
আবুল বাশার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘বদরুল হুদা ও এম জহির রায়হান আমার বাড়িতে গিয়ে আমাকে খুনের হুমকি দেন। এ সময় তাঁদের সঙ্গে মোটরসাইকেলে অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী ছ্যানা ও রামদা উঁচিয়ে রেখেছিল। এ সুযোগে জহির রায়হান ঘরে ঢুকে স্বর্ণালংকার ও ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যান। ওই দুই নেতা ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ টাকা চাঁদাও দাবি করেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
অভিযোগ অস্বীকার করে বদরুল হুদা বলেন, ‘বাশার আমাদের কাছে কোনো টাকা পাবে না। বরং আবুল বাশারের কাছে আমাদের দাদনের টাকা পাওনা রয়েছে। তবে আমি ওর বাড়ি গিয়েছিলাম। তাকে কোনো হুমকি-ধমকি দেওয়া হয়নি।’
লুটপাটের কথা অস্বীকার করে এম জহির রায়হান বলেন, ‘তাঁর বাড়িতে আমরা গিয়েছিলাম। তবে তাঁর স্ত্রীর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।’
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান বলেন, বদরুল ও জহিরের নেতৃত্বে একদল লোক মোটরসাইকেলে করে আবুল বাশারের বাড়িতে গিয়ে হুমকি দেন। তবে এ ঘটনায় তাঁরা কোনো অভিযোগ দেননি।