দলিল লেখক-হকার সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে জমির দলিল লেখক ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত পুলিশের তিন সদস্যকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সিলেট নগরে সুরমা পয়েন্ট এলাকায় জমি নিবন্ধন কার্যালয়ের (রেজিস্ট্রার অফিস) সামনে দলিল লেখকেরা তাঁদের লেখালেখির কাজ করে থাকেন। কার্যালয়সংলগ্ন মাঠে বেশ কিছু হকার অস্থায়ী দোকানপাট বসিয়ে কাপড় বিক্রি করে থাকেন। আজ বিকেল চারটার দিকে কয়েকজন দলিল লেখক মাঠের পূর্ব পাশে বসা এক হকারকে দোকান সরিয়ে নিতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অন্য হকাররাও বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে উভয় পক্ষে সংঘর্ষের শুরু হয়। তাঁরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা করেন। প্রায় আধা ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এতে পরিস্থিতি শান্ত হয়। তবে সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে ওই মাঠে সিলেট সদর দলিল লেখক সমিতির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তাঁরা আগামী শনিবারের মধ্যে মাঠ থেকে হকারদের উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান। এ সময়সীমার মধ্যে তাঁরা কোনো ধরনের দলিল লেখার কাজ করবেন না বলেও ঘোষণা দেন।
জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।