দলিল লেখক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ডুনি নছরুদ্দি গ্রামের দলিল লেখক জাকির হোসেন (৪৪) হত্যার ঘটনায় দাউদকান্দি থানায় হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির স্ত্রী লতা আক্তার। গতকাল সোমবার তিনি এই মামলা করেন। ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাকির হোসেন হত্যার ঘটনার প্রতিবাদে দাউদকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ৩৫ জন দলিল লেখক কালো ব্যাচ পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি পালন করেন।
জাকির হোসেনকে হত্যার অভিযোগে গতকাল বিকেলে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে ওই মামলা করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, মামলার আসামি হিসেবে জাকিরের চাচি মাকসুদা আক্তার ও চাচাতো ভাই আনোয়ার হোসেনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।