দলিল লেখকদের কাছে জিম্মি বাবুগঞ্জবাসী
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দলিল লেখকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ নাগরিকেরা। অভিযোগ উঠেছে, দলিল লেখকেরা নিজেদের তৈরি ভুয়া পরচা দিয়ে বিক্রয় দলিল করতেন। সঠিক কাগজ দিয়ে দলিল করতে বলায় তাঁরা সাব-রেজিস্ট্রারের ওপর ক্ষুব্ধ হয়ে কলমবিরতি পালন করছেন।
দলিল লেখকদের দাবি, দলিল করতে আসা ব্যক্তিরা যথাযথ কাগজপত্র নিয়ে আসেন না। তাই তাঁরা তাঁদের সহযোগিতা করতে পারছেন না। তা ছাড়া সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান তহশিল অফিসের পরচা দিয়ে জমি রেজিস্ট্রি করতে রাজি না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।
রোববার সরেজমিনে দেখা গেছে, বাবুগঞ্জের রহমতপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের স্বাভাবিক কাজ বন্ধ। দলিল করতে আসা নাগরিকেরা দলিল করতে না পেরে ফিরে যাচ্ছেন। বরিশাল নগর থেকে দলিল রেজিস্ট্রি করতে আসা সবুজ সিকদার প্রথম আলোকে বলেন, তিনি ৪ শতাংশ জমি কিনেছেন। সব কাগজ নিয়ে রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে দলিল লেখকেরা দলিল করে দিতে রাজি হননি। তাঁরা ঈদের পর দেখা করতে বলেছেন। পরে জানতে পারেন, দলিল লেখকেরা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কলমবিরতি পালন করছেন।
দলিল করতে আসা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের আগরপুর এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম বলেন, রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের কাছে সাধারণ মানুষ জিম্মি। তাঁরা যেভাবে বলবেন, সেভাবেই দলিল করতে হয়। এর বাইরে কিছু করার নেই। তাঁদের ধার্য করা অর্থ না দিলে দলিল রেজিস্ট্রি হয় না। এখানে সাব-রেজিস্ট্রারের ভূমিকা খুবই কম।
দলিল লেখক মো. সাইফুল ইসলাম বলেন, আগের সাব-রেজিস্ট্রার তহশিল পরচা অথবা নিজেরা তৈরি করে কাগজ দিলেও রেজিস্ট্রি করতেন। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার যেসব কাগজপত্র চান, তা তুলতে অনেক সময়ের প্রয়োজন। আগের সাব-রেজিস্ট্রাররা দলিল লেখক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। মশিউর রহমান তা করছেন না। তিনি উদ্যোগ নিয়ে দলিল লেখক সমিতির সভাপতি, সম্পাদকের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে পারেন। এ ভোগান্তির জন্য বর্তমান সাব-রেজিস্ট্রারই দায়ী।
রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশারেফ হোসেন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার সহি মুহুরি পরচা ছাড়া কোনো দলিল করেন না। সে জন্য দলিল লেখা সাময়িক বন্ধ রয়েছে। ঈদের পর তাঁর সঙ্গে একটা সমঝোতা হবে।
এ ব্যাপারে সদ্য যোগদান করা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান বলেন, দলিল লেখকেরা অবৈধভাবে ভুয়া কাগজ দিয়ে জমি ক্রেতা-বিক্রেতাদের দলিল রেজিস্ট্রি করে দিতেন। একই পদ্ধতিতে দলিল করার জন্য তাঁরা আমাকেও অনুরোধ জানান। কিন্তু সঠিক কাগজপত্র না থাকলে সাধারণ মানুষ প্রতারিত হতে পারে। তাই প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দলিল রেজিস্ট্রি করতে অপারগতার কথা বললে তাঁরা কলমবিরতি পালন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। আশা করি, শিগগিরই দলিল লেখকেরা ভুল বুঝতে পারবেন।
ইউএনও বাকাহীদ হোসেন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার সঠিক কাগজপত্র দিয়ে দলিল করতে চান। এ প্রক্রিয়ায় দলিল করলে জনগণ উপকৃত হবে। এটায় দলিল লেখকেরা আগ্রহী হচ্ছেন না। তাঁরা চান তাড়াহুড়ো করে কাজ করতে। সে জন্য সমস্যা দেখা দিয়েছে।