দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জাতীয় পার্টির (এ) দুটি পক্ষের কোন্দলের জের ধরে দলীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দলের সদস্যসচিবসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার শহরের মাজহার মোড় এলাকায় এক সাংসদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাজ্জাদ পারভেজ। তাঁর পক্ষে আছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। অন্য পক্ষে জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলী। তাঁর পক্ষে আছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী।
দলের যুগ্ম আহ্বায়ক বজলার রহমান অভিযোগ করেন, সম্মেলনকে সামনে রেখে গতকাল বিকেল চারটার দিকে দলীয় কার্যালয়ে সভা আহ্বান করা হয়। এরপর যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলীর নির্দেশে কয়েকজন যুবক দলীয় কার্যালয়ে ঢুকে তাঁর ও সদস্যসচিব সাজ্জাদ পারভেজের ওপর হামলা চালান। এতে সাজ্জাদ পারভেজ আহত হন।
সাজ্জাদ পারভেজের অভিযোগ, বিকেল চারটার সময় সভা আহ্বান করা হয়েছিল। ওই সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর উপস্থিত থাকার কথা। কিন্তু তিনি আসার আগে যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলী ও যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীর নির্দেশে তাঁর ওপর হামলা চালায় এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে।
অভিযোগ অস্বীকার মাহাবুব আলী বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা অফিসে গেলে সাজ্জাদ পারভেজ তাঁদের ওপর চড়াও হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম ও জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আবদুল হান্নান আহত হন। আমরা সাজ্জাদ পারভেজকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’