দলীয় কোন্দলে ঢাকায় যুবলীগের কর্মী খুন

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রিজভী হাসান ওরফে বাবু (৩৩) নামে যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। এ সময় আহসানুল ইমন (৩২) নামের আরেক যুবক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিজভী হাসান ঢাকা মহানগর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তিনি ছিলেন ওই ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগরের ঘনিষ্ঠ।
১০ নম্বর ওয়ার্ড যুবলীগের একাধিক নেতা অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়ার্ডের নিয়ন্ত্রণ নিতে ওয়ার্ড যুবলীগের নেতা মারুফ রেজার প্রতিপক্ষরা রিজভী হাসানকে গুলি করে হত্যা করেছে। তাঁদের দাবি, মতিঝিল থানা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর যুবলীগের এক নেতার নির্দেশে তাঁকে গুলি করা হয়েছে।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, রিজভী হাসানের বিরুদ্ধে পুলিশকে মারধরসহ মতিঝিলে চারটি ও যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা ছিল। গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন রিজভী। এ ছাড়া মারুফ রেজার বিরুদ্ধেও মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগের কর্মী রিজভী মতিঝিল এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্লাবের সামনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রিজভীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তখন তাঁর সঙ্গে দেখা করতে আসা আহসানুল ইমন আহত হন। গুলি রিজভীর মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। আহসানুলের মাথা, পেট ও ডান হাতে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রিজভীকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
দুই সন্তানের বাবা রিজভী পরিবার নিয়ে ১০/৩/৩ পূর্ব বাসাবোর ওয়াসা রোডে থাকতেন। তাঁর বাবা আবুল কালাম ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে।
রিজভী হাসানের বাবা আবুল কালাম সাংবাদিকদের বলেন, মারা যাওয়ার আগে রিজভী কয়েকজনের নাম বলে গেছেন, তা পুলিশকে বলা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
রিজভীর চাচা আবু মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, রিজভী হাসান যুবলীগের রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করতেন। আহসানুল নামের এক যুবক রিজভীর সঙ্গে দেখা করতে এসে আহত হন।
হাসপাতালে আহত আহসানুলের মা দাবি করেন, রিজভীর ঘটনার সঙ্গে আহসানুলের কোনো সম্পর্ক নেই। বাজার করে ঘটনাস্থল থেকে বাসায় ফেরার সময় আহসানুল গুলিবিদ্ধ হয়েছে।
১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মারুফ রেজা গতকাল প্রথম আলোকে বলেন, ১০ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার এবং এই এলাকার মাদক ব্যবসা চালাতে থানা আওয়ামী লীগের একজন নেতা, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার নির্দেশে তাঁদের ছয়-সাতজন সহযোগী রিজভীকে গুলি করে হত্যা করেছেন।
ওয়ার্ড যুবলীগের আরেক নেতা বলেন, যুবলীগের আগামী সম্মেলনে (এখনো তারিখ নির্ধারিত হয়নি) রিজভী ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। দুই দিন আগে ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের (মিলন) সঙ্গে রিজভীর বৈঠক হয়। সেখানে এ নিয়ে দুজনের ঝগড়া হয়। এ ঘটনাও এই হত্যার পেছনে একটি কারণ হতে পারে।
মতিঝিল থানার প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
বৈঠক ও ঝগড়ার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি।
অপরদিকে ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের কয়েকজন নেতা-কর্মী পুরোনো দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিযোগ করেন, যুবলীগের সাবেক নেতা নিহত রিয়াজুল হক খান মিল্কী ও এইচ এম জাহিদ সিদ্দিক তারেকের (র্যা বের সঙ্গে ক্রসফায়ারে নিহত) অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই রিজভী হাসান খুন হয়েছেন। নিহত রিজভী ছিলেন মিল্কীর অনুসারী। মিল্কী হত্যার সঙ্গে যারা জড়িত, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
২০১৩ সালের ২৯ জুলাই গুলশানের একটি বিপণিবিতানের সামনে খুন হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান। এরপর ওই বিপণিবিতানে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে হত্যাকারী হিসেবে যুবলীগ নেতা এইচ এম জাহিদ সিদ্দিককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাহিদ সিদ্দিক গ্রেপ্তার হওয়ার পর খিলক্ষেতে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে মন্তব্য করলে তদন্তে ব্যাঘাত ঘটবে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।