খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের ওপর হামলা
দলীয় নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আ.লীগের সময়সীমা
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে ওই হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের নারিকেলবাগান এলাকায় নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে গতকাল সকালে শহরের কদমতলী থেকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ওই হামলার জন্য জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও তাঁর ছোট ভাই পৌরসভার মেয়র রফিকুল আলমকে দায়ী করে তাঁদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মংশেপ্রু চৌধুরী বলেন, মেয়র রফিকুল আলম ও তাঁর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সাংবাদিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছেন না।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
এদিকে নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন মামলা করেছেন। জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম, তাঁর ছোট ভাই মেয়র রফিকুল আলমসহ ৩৮ জনকে মামলায় আসামি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, হামলার ঘটনায় সমীর দে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডারের ওপর হামলা
দুর্বৃত্তদের হামলায় খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইছ উদ্দিন আহত হয়েছেন। গতকাল দুপুরে আদালত সড়কে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত রইছ উদ্দিনকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের বাঁ হাতের কবজির পাশের একটি হাড় ভেঙে গেছে।
জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও পৌরসভার মেয়র রফিকুল আলম এই হামলার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীদের দায়ী করেন।
তবে রইছ উদ্দিন বলেন, তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, রইছ উদ্দিনকে কেউ মারেননি। জোরে মোটরসাইকেল চালাতে গিয়ে টমটমের সঙ্গে লেগে তিনি আঘাত পেয়েছেন বলে তিনি শুনেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।