দলীয় নেতা-কর্মীদের হাতে বিএনপির নেতারা লাঞ্ছিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের হাতে গত শনিবার জেলা বিএনপির নেতাদের লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। যুবদলের এক নেতার বোনের বিয়েতে এসে গোপনে দলের একাংশের নেতা-কর্মীদের নিয়ে সভা করার অভিযোগে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে নেতারা শহরে ফিরে উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

তবে জেলার নেতারা সভা ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সভাপতি কামাল হোসেনের বোনের বিয়ে উপলক্ষে শনিবার জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ও সাবেক সভাপতি শফিকুল হক ভবানীগঞ্জে আসেন। খাওয়াদাওয়া শেষে বিকেলে জেলার নেতারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহানের বাড়িতে যান। সেখানে দলের স্থানীয় নেতাদের একাংশ উপস্থিত ছিলেন। জেলার নেতারা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এতে দলের অপর অংশের নেতারা ক্ষুব্ধ হয়ে ভবানীগঞ্জের গোডাউন মোড়ে অবস্থান নেন। সন্ধ্যার পর জেলার নেতারা রাজশাহী শহরে ফেরার পথে গোডাউন মোড়ে পৌঁছালে তাঁদের গাড়ি উপজেলা নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদের গাড়ি থেকে নামিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য স্থানীয় একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদের ছাড়া কেন সভা করা হলো, সে জন্য কৈফিয়ত চান। এ সময় নেতারা বলেন, বিএনপির নেতার আমন্ত্রণে তাঁর বাড়িতে চা খেতে গিয়েছিলেন। কোনো সভা করা হয়নি। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মীদের হাতে জেলার সভাপতিসহ অন্যরা লাঞ্ছিত হন। জেলা নেতাদের লাঞ্ছিত করার ঘটনারনেতৃত্ব দেন ছাত্রদল ও যুবদলের নেতারা।

ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতিশাহিনুর ইসলাম বলেন, তাঁদের বাদ দিয়ে জেলার নেতারা কিছু নেতাকে নিয়ে সভা করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তাঁদের কাছ কৈফিয়ত চেয়েছিলেন। এ সময় বাগ্‌বিতণ্ডার পর কয়েকজনকে ঘাড় ধরে চেয়ারে বসানো হয়েছে মাত্র।

তবে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লাঞ্ছিত বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সেখানে কোনো সভাও হয়নি। বিয়ের দাওয়াত খাওয়ার পর বিএনপির নেতা সোবহানের বাড়িতে চা খেয়ে ও গল্পগুজব করে চলে এসেছি। ’

এদিকে এ ঘটনার পর রাতে নেতারা শহরে ফিরে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভার ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেন। ওই বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম স্বাক্ষর করেছেন।