দলীয় প্রতিপক্ষের গুলিতে ফেনীতে যুবলীগ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতিপক্ষের গুলিতে ফেনীতে যুবলীগের কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার মোটবী ইউনিয়নের গোলারহাট বাজার এলাকায় স্থানীয় আধিপত্য ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩০) মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের সাদেকুজ্জামানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরে যুবলীগের কর্মী সাইফুল ইসলাম গোলারহাট বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন সশস্ত্র যুবলীগের কর্মী সাইফুলকে অস্ত্রের মুখে দোকান থেকে তুলে বাইরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কয়েকটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, নিহত যুবকের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল।
সাইফুলের বড় ভাই জহিরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় যুবলীগের কর্মী জামাল, মনছুর, শাহজাহান ও শাহ আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ভাইকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে।
নাম না প্রকাশের শর্তে যুবলীগের কয়েকজন কর্মী জানান, বেশ কিছুদিন থেকে মোটবী ইউনিয়নের গোলারহাট বাজার এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
মোটবী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসমাইল নিহত সাইফুল ইসলাম জানান, কর্মীদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, যুবলীগের কর্মী নিহতের ঘটনায় মামলা করা হবে।