
স্থানীয় সরকার নির্বাচন হলেও সিটি নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে, সমর্থন দেওয়া হচ্ছে। মামলার কারণেও প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। অথচ নির্বাচন কমিশন সম্পূর্ণ নীরব। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে সুজনের চট্টগ্রামের সদস্য আইনজীবী আখতার কবির চৌধুরী বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী ভোট গ্রহণের ২১ দিন আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন না। কিন্তু লক্ষ করা যাচ্ছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই কয়েকজন প্রার্থীর পক্ষে বিলবোর্ড স্থাপন ও পোস্টারিং হয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য কমিশন কিছু কিছু ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে, এটা যথেষ্ট নয়। সবাই যেন বিধিবিধান মেনে চলে, সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের সব রকম ক্ষমতা আছে। তাদের দায়িত্ব ক্ষমতা ব্যবহার করা, যাতে সবাই সমান সুযোগ পায়।
সুজনের সম্পাদক বলেন, আচরণবিধি লঙ্ঘন করে যেসব প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন, তাঁদের বিষয়ে নির্বাচন কমিশন টুঁ শব্দটি করেনি। যেভাবে কমিশনের দায়িত্ব পালন করার কথা, তা যথাযথভাবে পালন করেনি তারা।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের স্বার্থ, নাগরিকদের স্বার্থ, সবার স্বার্থ রক্ষা করুক।’