দলীয় সাংসদের বিরুদ্ধে অভিযোগ এরশাদের পালিত কন্যার
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ লিয়াকত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের লালন-পালন এবং আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন উপজেলা জাপার সভাপতি ও এরশাদের পালিত কন্যা অনন্যা হোসাইন। গতকাল শনিবার উদ্ধবগঞ্জ বাজারে উপজেলা জাপার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ এনে লিয়াকতের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে অনন্যা বলেন, লিয়াকত হোসেনের নির্দেশে তাঁর আত্মীয়স্বজন ও কয়েকজন সন্ত্রাসী শুক্রবার রাতে উপজেলা জাপার প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। তারা দলের প্রবীণ নেতা আবদুল মান্নানসহ পাঁচজনকে মারধর করে আহত করে। তিনি দাবি করেন, দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও সাংসদের নির্দেশে ওসি অভিযোগটি নথিভুক্ত করছেন না।
সাংসদ লিয়াকত হোসেন জানান, তিনি সন্ত্রাসীদের লালন ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত নন।
কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের ঘটনায় অনন্যা হোসাইন শুক্রবার রাতেই লিয়াকত হোসেনের দুই সমর্থক পিয়ার আলী ও ফজলুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, ‘এরশাদ সাহেব মুঠোফোনে আমাকে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’