দশম শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে আহসান হাবিব ওরফে বিদ্যুৎ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চকাবিল গ্রামের ফসলি মাঠে তার লাশ পাওয়া যায়। নিহত আহসান হাবিব উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে নানার বাড়ি চকাবিল গ্রামে থাকত। বালুভরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল আহসান।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহসান গত বৃহস্পতিবার রাতে টিভি দেখার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বের হয়। তারপর আর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। যে বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানেও খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটি সেদিন আর কিরণমালা দেখতে ওই বাড়িতে যায়নি। পরে গতকাল সকালে প্রতিবেশীরা চকাবিলের ফসলি মাঠে কাজ করতে গিয়ে ধানখেতের আইলে কিশোরটির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আহসান হাবিবের নানা বাবলু হোসেন বলেন, তাঁর নাতিকে কে বা কারা কেন হত্যা করেছে, তা তিনি বুঝতে পারছেন না।
বদলগাছি থানার ওসি জালাল হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।