দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে মেয়েটির পরিবার এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।
গতকাল রোববার বেলা দুইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুল ড্রেস পরা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধর্ষণের কারণে আহত হয়ে তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
ছাত্রীর বাবা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে তার এক ভাই সাংবাদিকদের বলেন, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রিন্স নামের এক তরুণের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। গতকাল প্রিন্স তাকে মিরপুরে ঘুরতে যাওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর বলেন, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে তাঁরা খোঁজ নিয়েছেন। মেয়েটির বাসা মোহাম্মদপুর এলাকায়। কিন্তু ঘটনাটি ঘটেছে মিরপুর থানা এলাকায়। মোহাম্মদপুর থানা থেকে মিরপুর থানাকে জানানো হয়েছে।
মিরপুর থানার ওসি ভুঁইয়া মাহাবুব হাসান বলেন, ঘটনাটি শোনার পর থানা থেকে ঢাকা মেডিকেলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। কিন্তু মেয়ের পরিবার কোনো তথ্য দেয়নি বা অভিযোগ করেনি।