পটুয়াখালীর দশমিনা উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিসহ বদলির দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫ জন নারী-পুরুষ গত বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে বিভিন্ন সময়ে মাঠকর্মীদের সঙ্গে খারাপ আচরণ, অনিয়ম, দুর্নীতি, কাজের অজুহাতে নারী মাঠকর্মীদের তাঁর কার্যালয়ে ডেকে এনে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। তাঁর এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে অতিষ্ঠ হয়ে পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ১৩ জন নারী চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার তিন থেকে দশ বছর আগে স্বেচ্ছায় অবসরে চলে যেতে বাধ্য হয়েছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন ১৯৯৩ সালের ১৫ নভেম্বর চিকিৎসা কর্মকর্তা হিসেবে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। ১৯৯৮ সালের ৫ এপ্রিল বদলি হয়ে জেলা সদরে চলে যান। সর্বশেষ ২০০২ সালের ১০ মার্চ আবার দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। তখন থেকে তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন এবং প্রায় আট বছর ধরে উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাকির হোসেন বলেন, অভিযোগকারীরা মাঠপর্যায়ে ঠিকভাবে কাজ করছেন না। নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন মুকুল প্রথম আলোকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছে।