দস্যুতার অভিযোগে চোখে খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে সুন্দরবনে দস্যুতার অভিযোগে এক ব্যক্তির দু চোখ খুঁচিয়ে দিয়েছেন একদল ক্ষুব্ধ গ্রামবাসী। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে ওই উপজেলার বাইনতলা ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি শুকুর হাওলাদারের (৩৮) বাড়ি বারইপাড়া গ্রামে। ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে পুলিশ।

আজ শনিবার সকালে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা উৎপল দেবনাথ প্রথম আলোকে বলেন, শুকুরের দুটি চোখই খোঁচানো। এতে তাঁর চোখ নষ্ট হয়েছে কি না, পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুকুরের বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতার অভিযোগ রয়েছে। বন থেকে তাঁর বাড়ি ফেরার খবরে এলাকাবাসী জড়ো হয়ে তাঁকে পিটুনি দেন। ক্ষুব্ধ গ্রামবাসী একপর্যায়ে শুকুরের দুই চোখ খুঁচিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুকুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশি পাহারায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের ভাষ্য, শুকুরের বিরুদ্ধে রামপাল থানায় সুন্দরবনে ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।