দস্যুদের টাকা দিয়ে ছাড়া পেলেন ছয় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা থেকে অপহৃত ছয় জেলে মুক্তিপণ দিয়ে গতকাল সোমবার ছাড়া পেয়েছেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু মুন্না বাহিনী গত শনিবার তাঁদের অপহরণ করে।
শ্যামনগর উপজেলার চাঁদনীমুখো গ্রামের শাহিনুর ইসলাম ও সোরা গ্রামের ওয়েজ কুরনী জানান, তাঁরা ১২ জন জেলে ছয়টি নৌকা নিয়ে গত শনিবার সকালে সুন্দরবন এলাকার খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান। এ জন্য তাঁরা সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিও নিয়েছিলেন। মাছ ধরতে ধরতে তাঁরা একসময় কাঠেশ্বর এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২ জন দস্যু ট্রলারে করে জেলে নৌকায় হামলা চালায়। তারা নিজেদের বনদস্যু মুন্না বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে ছয়জনকে তুলে নিয়ে অন্যদের ছেড়ে দেয়; যাতে ছাড়া পাওয়া জেলেরা মুক্তিপণের টাকা নিয়ে আসতে পারে।
ছাড়া পাওয়া জেলেরা বলেন, তাঁদের এ দুই দিন ট্রলারেই রাখা হয়। আটক ছয়জনের মুক্তিপণ বাবদ দস্যুরা ৬০ হাজার টাকা একটি নির্দিষ্ট স্থানে রোববারের মধ্যে পৌঁছে দিতে বলে। রোববার বিকেলে টাকা পৌঁছে দিলে তাঁদের ছয়জনকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার সকালে তাঁরা বাড়িতে ফেরেন।
এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, এ ব্যাপারে তাঁদের কেউ কোনো অভিযোগ করেনি।