দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে গতকাল মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) গুলিতে হযরত আলী (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হযরত দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় দহগ্রামে ইউনিয়নের ঘাটিয়ারটারী সীমান্ত দিয়ে ভারতের কোচবিহারে গরু আনতে যান ৮-১০ জনের একটি দল। মঙ্গলবার ভোরের দিকে গরু নিয়ে ফিরে আসার সময় ২২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছুড়লে হযরত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গীরা পালিয়ে আসেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে বিএসএফ জানায়, হযরত হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।