
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নবগঠিত কলেজ কমিটিকে দাঁড়াতেই দেয়নি ছাত্রলীগ। ছাত্রদলের ব্যানার কেড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে প্রকাশ্যে দা, হকিস্টিক, রড উঁচিয়ে ধাওয়া করে ক্যাম্পাসছাড়া করেন তাদের। ধাওয়ায় ছাত্রদলের তিন কর্মী আহত হন।
গতকাল সোমবার সকালে পুলিশের সামনেই ছাত্রলীগ এভাবে সশস্ত্র অবস্থায় তাড়া করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তবে পুলিশ বলছে, ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়ায় সৃষ্ট গোলযোগ ক্যাম্পাসে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে তারা।
সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ২০০৪ সালের পর সম্প্রতি শাখা কমিটি করে। এর আগে ২০১৪ সালের ৭ মার্চ ছাত্রলীগের সমাবেশের সমালোচনা করতে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছিল ছাত্রদল। সেই থেকে ছাত্রলীগ এমসি কলেজে ছাত্রদলকে ‘নিষিদ্ধ’ করে। নতুন আহ্বায়ক কমিটি হওয়ায় গতকাল প্রথম এমসি কলেজ ক্যাম্পাসে মিছিল করার প্রস্তুতি নিয়েছিল ছাত্রদল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকাল ১০টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল মিছিল করে। পরে সেখান থেকে বের হয়ে ব্যানার বদল করে মিছিলটি পাশের এমসি কলেজ ক্যাম্পাসে যেতে চাইলে এমসি কলেজ ফটকের টিলাগড় মোড়ের কাছে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এ সময় জেলা ছাত্রলীগের একদল কর্মী ছাত্রদলের মিছিলে ধাওয়া করে ব্যানার কেড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ অবস্থায় এমসি কলেজ ক্যাম্পাসে মিছিল করার জন্য অপেক্ষায় থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা ফটকের দিকে এগোলে আবার ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়েন। তখন টিলাগড় মোড় ও কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রলীগের দুটি পক্ষ ধাওয়া দিলে ছাত্রদলও পাল্টা ধাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় ছাত্রলীগের দুই পক্ষকেই প্রকাশ্যে দা, রড ও হকিস্টিক উঁচিয়ে ধাওয়া করতে দেখা গেছে।
টিলাগড় মোড় থেকে ছাত্রলীগের যে অংশটি প্রথম দফা ধাওয়া দেয়, তাদের অনেকেরই মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ওই দলে অন্তত পাঁচজনের হাতে দা, ১১ জনের হাতে রড ও হকিস্টিক নিয়ে তাড়া করতে দেখা গেছে। আবার ক্যাম্পাসের ভেতরে থাকা ছাত্রলীগের তিনটি পৃথক পক্ষে একইভাবে দা ও রড উঁচিয়ে ধাওয়া করেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কলেজ ক্যাম্পাস ও টিলাগড় মোড়ে অবস্থানরত পুলিশের সামনেই ছাত্রলীগ প্রকাশ্যে দা, রড নিয়ে অবস্থান করলেও পুলিশ কোনো বাধা দেয়নি। এভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ছাত্রদল ঘটনাস্থল থেকে চলে গেলে পরে মহানগর পুলিশের শাহপরান থানা থেকে অতিরিক্ত পুলিশ টিলাগড় মোড়ে অবস্থান নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক বদরুল আজাদ রানা বলেন, টিলাগড় মোড়ে ব্যানার কেড়ে নেওয়ার সময় ছাত্রলীগের হাতে ছাত্রদলের তিনজন কর্মী আহত হয়েছেন। তাঁরা ‘জুনিয়র’ দাবি করে নাম প্রকাশ করতে তিনি রাজি হননি। তিনি বলেন, ছাত্রদলের কলেজ কমিটি প্রায় ১২ বছর পর হয়েছে। এই উৎসাহে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি দেখে ছাত্রলীগ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী দাবি করেন, ২০১৪ সালের দিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার পর থেকে ছাত্রদল ক্যাম্পাসছাড়া ছিল। গতকাল সকালে সরকারি কলেজে বহিরাগতদের নিয়ে মিছিল করে একইভাবে শেখ হাসিনাকে নিয়েও কটূক্তি করায় ছাত্রলীগ এমসি কলেজে ছাত্রদলকে প্রবেশে বাধা দেয়। ধাওয়া করার সময় দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন কারা করেছে,Ñএ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, দুই পক্ষে ধাওয়া করার সময় পুলিশের একটি দল সেখানে যায়। পরে আরও দুটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় কোন পক্ষ দেশীয় অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশ খোঁজ নিচ্ছে। এ ঘটনায় কোনো হতাহত না হওয়ায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলেও ওসি জানান।
জেলা ও নগর ছাত্রদলের বিবৃতি
এমসি কলেজের ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগরের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ছাত্রলীগ সিলেটসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এমসি কলেজ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ছত্রচ্ছায়ায় ছাত্রলীগের হামলা এবং পরবর্তীতে ছাত্রদলের নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি চলছে।