মানিকগঞ্জ সদর উপজেলায় দিন দিন বাড়ছে দন্ত চিকিৎসকের চেম্বার (ডেন্টাল ক্লিনিক)। এসব চেম্বারের সাইনবোর্ডে চিকিৎসকের নাম ব্যবহার করে টেকনিশিয়ান বা চিকিৎসকের ডিপ্লোমা সনদধারী সহকারীরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার বালিরটেক বাজারে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন শেখ মো. আবুল কাশেম নামের এক ব্যক্তি। কোনো মেডিকেল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন তো দূরের কথা, এসএসসির সনদও দেখাতে পারেননি তিনি। অথচ সাইনবোর্ডে নামের আগে তিনি ‘চিকিৎসক’ (ডাক্তার) লিখেছেন। তিনি বলেন, প্রায় ২৫ বছর আগে একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। আর নামের আগে ডাক্তার না লিখলে রোগীরা আসেন না। তাই এটা লিখেছেন।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করতে পারেন না। এ ছাড়া চিকিৎসকের ডিপ্লোমা সনদধারী সহকারীদের কেউ রোগীকে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিতে পারবেন না।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর ও সদর উপজেলায় অর্ধশত দন্ত চিকিৎসকের চেম্বার আছে। এর মধ্যে শহরের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফ ডেন্টাল কেয়ার, মানিকগঞ্জ ডেন্টাল কেয়ার, আজাদ ডেন্টাল কেয়ার, সায়মা ডেন্টাল কেয়ার, সিগমা ডেন্টাল কেয়ার, মনির উদ্দিন ডেন্টাল কেয়ার, ডা. চিত্ত সাহা দাঁতঘর, মোহাম্মদিয়া ডেন্টাল কেয়ার এবং জেলা শহরের দুধবাজার এলাকায় (সিঙ্গাইর রোড) মডার্ন ডেন্টাল কেয়ার ও জনসেবা ডেন্টাল কেয়ারের সন্ধান পাওয়া যায়।
রোববার দুপুরে মডার্ন ডেন্টাল কেয়ারে গিয়ে দেখা যায়, রোগীকে চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র লিখতে দেখা যায় আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে। এ সময় কথা হলে তিনি কোনো মেডিকেল কলেজের চিকিৎসা-সংক্রান্ত শিক্ষাসনদ দেখা পারেননি।
শহরের পশ্চিম দাশড়া এলাকার রফিকুল ইসলাম বলেন, এক বছর আগে জনসেবা ডেন্টাল কেয়ারে তিনি দাঁতে ক্যাপ লাগাতে যান। কিন্তু চিকিৎসকের সহকারী শামীম হোসেন তাঁর তিনটি দাঁত নষ্ট করে ফেলেন। শামীম হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার মনে নেই।’ শামীম এ-ও স্বীকার বলেন, সংসারের খরচ জোগাতেই চিকিৎসক না হয়েও তিনি রোগী দেখছেন।
অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সায়মা ডেন্টাল কেয়ার, আজাদ ডেন্টাল কেয়ারসহ কয়েকটি চেম্বারের সাইনবোর্ডে চিকিৎসকের নাম ব্যবহার করা হয়েছে। চিকিৎসকের সহকারীরা (ডিপ্লোমা সনদধারী) এসব চেম্বার খুলে নিজেরাই রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সায়মা ডেন্টাল কেয়ারের রোগী দেখেন চিকিৎসকের এক সহকারী। তাঁর নাম আলী হোসেন। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুপুর থেকে রাত আটটা পর্যন্ত তিনিই রোগীর চিকিৎসা করেন।
আজাদ ডেন্টাল কেয়ারের চিকিৎসকের সহকারী লিটন হোসেন বলেন, ‘ডাক্তার স্যারের পাশাপাশি আমিও রোগীর চিকিৎসা করি। রোগীর দাঁত ও মুখে ছোটখাটো সমস্যা হলে আমি এবং বড় ধরনের সমস্যা হলে ডাক্তার দেখেন।’
স্থানীয় একজন দন্ত চিকিৎসক প্রথম আলোকে বলেন, রোগীদের আকৃষ্ট করতেই এসব সাইনবোর্ডে চিকিৎসকদের নাম ব্যবহার করা হচ্ছে। মূলত এসব চেম্বারে রোগীদের চিকিৎসা দিচ্ছেন টেকনিশিয়ান বা চিকিৎসকের সহকারীরা।
এসব বিষয়ে ইউএনও মুহাম্মদ শাহাদৎ খন্দকার বলেন, স্বাস্থ্য বিভাগের অনিয়ম বা অসংগতির বিষয়গুলো সিভিল সার্জন তদারক করে থাকেন। স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা পেলে ভুয়া চিকিৎসক বা অবৈধ চিকিৎসক-চেম্বারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যেতে পারে।
সিভিল সার্জন মো. খোরশিদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। এসব বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’