দাউদকান্দি তিন দিন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়েকটি এলাকায় গত শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ নেই। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, ট্রান্সফরমার বিকলের কারণে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

উপজেলার গৌরীপুর সরকারি কলেজ, সড়ক ও জনপথ কার্যালয়, গৌরীপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। এতে কলেজ এবং সড়ক ও জনপথ কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকেরা।

স্বল্পপেন্নাই গ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিউলি আক্তার বলেন, বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে মুঠোফোনে কয়েকবার জানানোর পরও সংযোগ দিচ্ছে না।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর সদর দপ্তর গৌরীপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শরিফ লেহাজ আলী বলেন, ‘একটি ট্রান্সফরমার বিকলের কারণে এ সমস্যা হয়েছে। বিষয়টি দেখব।’