দাউদকান্দিতে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি থেকে অপহৃত সাড়ে তিন বছরের শিশু রিফাত উদ্দিনকে গত শনিবার ঢাকার গুলিস্তান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিফাতের চাচাতো ভাই রাসেল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রিফাতের বাবা নাছির উদ্দিনের বাড়ি উপজেলার পূর্বকাউয়াদি গ্রামে। গ্রেপ্তার রাসেল মিয়া তাঁর ভাই হারুন অর রশিদের ছেলে। রাসেল স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার চিটাগাং রোড এলাকায় থাকেন।
রিফাতের বাবা নাছির উদ্দিন বলেন, রাসেল মিয়া ঢাকায় থাকেন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ কম, গ্রামেও তেমন আসেন না। গত শুক্রবার হঠাৎ রাসেল বাড়িতে আসেন। চিপস কেনার কথা বলে রিফাতকে কোলে নিয়ে তিনি বাইরে যান। এরপর তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাসেল মিয়া পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শনিবার সকালে তিনি রাসেলের বিরুদ্ধে দাউদকান্দি থানায় লিখিত অভিযোগ করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। কৌশলে রাসেলকে এক লাখ টাকা দেওয়ার কথা বলা হয়। শনিবার সন্ধ্যায় ঢাকার গুলিস্তান এলাকা থেকে শিশু রিফাতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রাসেলকেও গ্রেপ্তার করে পুলিশ।