দাউদকান্দিতে কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেহানহাটা গ্রামের অভি দাস (১৮) নামের এক কলেজছাত্রকে গত চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর পরিবার দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবার জানায়, অভি ঢাকার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। গত ৯ ডিসেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ।

অভি নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর চাচি লিপিকা রানী দাস থানায় জিডি করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে গত বুধবার বিকেলে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন অভি। বাসে যাত্রাপথে একবার অভি তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর আর কোনো খোঁজ মেলেনি।

অভির মা ভাবনা রানী দাসের ভাষ্য, তাঁর ছেলের সঙ্গে ১৫ হাজার টাকা ছিল। বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর গজারিয়া উপজেলার মেঘনা সেতুর পূর্ব প্রান্তে থাকা অবস্থায় বাসে বসে অভি তাঁর (মা) সঙ্গে মুঠোফোনে শেষ কথা বলেন। এরপর থেকে অভি নিখোঁজ।

অভির দুই ভাই অপু দাস ও রতন দাস বলেন, বিভিন্ন জায়গায় তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও অভিকে পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বলেন, ‘অভি নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের জিডি গ্রহণ করেছে পুলিশ। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’