দাউদকান্দিতে কলেজছাত্রী গুলিবিদ্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক কলেজছাত্রী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গত সোমবার পৌর সদরের সাহাপাড়ায় ছাত্রীর নিজ বাসায় ওই ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রী হলেন হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণিতে পড়ুয়া কেয়া চৌধুরী (২২)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেয়া চৌধুরী নিজ বাসায় পরিবারের সদস্যদের জন্য রুটি তৈরি করছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত কেয়াকে লক্ষ্য করে জানালা দিয়ে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি কেয়ার পেটে বিদ্ধ হলে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন এসে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরিবারের সদস্যদের ধারণা, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
দাউদকান্দি মডেল থানার এসআই সুমন চন্দ্র নাথ বলেন, এমন কোনো অভিযোগ এখনো তাঁরা পাননি। তবে শুনেছেন, ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে লোকজন না থাকায় ঘটনা বিস্তারিত জানা যায়নি।