দাউদকান্দিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে গুলিবর্ষণের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক ইছাক মিয়া (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ইছাক মিয়ার ছেলে আবুল কালামসহ তিনজন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে কৃষ্ণপুর গ্রামের কাছে ড্রেজিংয়ের মাধ্যমে কিছু লোক বালু উত্তোলন করছিল। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী বালু উত্তোলনে বাধা দেয়।
এ নিয়ে ড্রেজিংয়ের কাজে নিয়োজিত লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা গুলিবর্ষণ করে। একটি গুলি ইছাক মিয়ার বুকে লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। গুলিবিদ্ধ হন ইছাক মিয়ার একমাত্র ছেলে আবুল কালাম (৩৪), একই গ্রামের ফিরোজ মিয়া (৬০) ও রতন মিয়া (২৭)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় ইছাক মিয়া ছেলেকে নিয়ে খেত থেকে ক্ষীরা তুলছিলেন।
কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী আবদুল বাতেন ও কৃষক আক্তার হোসেন বলেন, ইছাক মিয়া গ্রামের সাধারণ কৃষক ছিলেন। ইছাক মিয়ার স্ত্রী রেজিয়া বেগম বলেন, ‘বালু উত্তোলনকারী ও দুষ্কৃতকারীদের বিরোধে আমার নিরীহ স্বামী মারা গেল। একমাত্র ছেলেও গুলিবিদ্ধ, এখন আমি কী করব?’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।