দাউদকান্দিতে গৃহবধূ ও বড়লেখায় পাহারাদার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক পাহারাদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. সফিউল্লাহর স্ত্রী সুরাইয়া আক্তার (২০) এবং বড়লেখার বড় ময়দান গ্রামের ছেলে হাসান উদ্দিন (৩৫)।
পুলিশ সূত্র জানায়, প্রায় দুই মাস আগে মুরাদনগর উপজেলার সর্মাকান্দা গ্রামের রাজা মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের সফিউল্লাহর বিয়ে হয়। সুরাইয়ার বাবা রাজা মিয়া অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে দাম্পত্য কলহের জের ধরেই তাঁর মেয়ে সুরাইয়াকে তার স্বামী সফিউল্লাহ গলাটিপে হত্যা করে। পরে হত্যার বিষয়টি গোপন করতে সুরাইয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রতিবেশীদের মধ্যে প্রচার চালায় সে। কিন্তু সুরাইয়ার মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় প্রতিবেশীরা সফিউল্লাহকে আটক করে পুলিশে খবর দেয়। গত শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাইয়ার লাশ ও তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার রাতে সুরাইয়ার বড় ভাই সফিকুল ইসলাম বাদী হয়ে সফিউল্লাহসহ চারজনকে আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
বড়লেখা থানার পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার চৌঢালু বিল বড় ময়দান গ্রামের লাল-সবুজ মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়া হয়েছে। উপজেলার বড় ময়দান গ্রামের হাসান উদ্দিন ওই বিলের পাহারাদার ছিলেন। মৎস্যজীবী সমিতি তাঁকে নিয়োগ দিয়েছিল। বিলের এক পাড়ে অস্থায়ী ঘরে তিনি থাকতেন। গত শুক্রবার রাত আটটার দিকে বিলের অপর পাহারাদার একই গ্রামের গিয়াস মিয়া বাড়ি থেকে তাঁর জন্য খাবার নিয়ে যান। এ সময় তিনি হাসানের ঘরের পাশে তাঁর মুঠোফোন পড়ে থাকতে দেখেন। হাসানকে না পেয়ে রাতে তিনি বিষয়টি পুলিশকে জানান। গতকাল সকাল ছয়টার দিকে বিলের পূর্ব পাশের পাড়ে হাসানের লাশ পাওয়া যায়।